রাজধানীর রূপনগর এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নানি ও নাতনি নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৬টার দিকে বেড়িবাঁধ পাম্প হাউজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রংপুরের কালীগঞ্জ উপজেলার কাকিনা গ্রামের সালমা বেগম (৫৫) ও তার নাতনি রিন্তা (১১)। এ ঘটনায় আহত হয়েছেন সালমা বেগমের ছেলে অটোরিকশাচালক সালেক হোসেন (২৪) ও আরেক নাতনি রিন্তার বোন এলিনা জাহান রিমা (১৩)।
সালমা বেগমের মেয়ে শিউলি আক্তার জানান, গত বছরের নভেম্বরে মারা যান রিন্তার মা দুলালি বেগম। বাবা এরশাদুল ইসলাম গ্রামে থাকেন। একেক সময় একেক পেশার কাজ করেন তিনি। তিন বোনের মধ্যে সবার ছোট রিন্তা। সে রংপুর কালীগঞ্জ উপজেলার বানিনগর সরকারি প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তিন দিন আগে নানি সালমা বেগমের সঙ্গে দুই বোন রিন্তা ও রিমা রাজধানীর আদাবর এলাকায় নানার বাসায় বেড়াতে আসেন। সেখান থেকে গতকাল সকালে মামা সালেকের সিএনজিতে আশুলিয়ায় খালা শিউলির বাসায় যাচ্ছিল তারা। পথে রূপনগর বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রূপনগর থানার এসআই মো. লোকমান হোসেন জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে আশুলিয়ায় বেড়াতে যাচ্ছিল একই পরিবারের চারজন। সকাল ৬টার দিকে বেড়িবাঁধ এলাকায় একটি ট্রাক ওই অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু রিন্তার মৃত্যু হয়। আর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার নানি সালমা বেগম মারা যান। আহত হন অটোরিকশা চালকসহ তিনজন। পরে খবর পেয়ে রিন্তার লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর সালমা বেগমের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। আহতদের পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। তবে সেটি শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে নওগাঁর রানীনগরে বাঁশবোঝাই ভটভটি উল্টে ময়েন উদ্দিন প্রামাণিক (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার বিশঘড়িরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়েন উদ্দিন ওই গ্রামের প্রয়াত মানিক প্রামাণিকের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে রানীনগর থানার ওসি তারিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে ভটভটিতে থাকা বাঁশগুলো পড়ে গেলে এর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ময়েন উদ্দিন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
