অভ্যাসগুলো বদলে ফেলতে হবে

আপডেট : ০২ মার্চ ২০২১, ১১:৩৯ পিএম

অনেক ভালো অভ্যাসও পালনের ত্রুটির কারণে বদভ্যাসে পরিণত হয়। এসব বদভ্যাস কী কী জানাচ্ছেন বিপুল জামান

না বুঝে নোট নেওয়া

ক্লাসে শিক্ষকের লেকচার নোট করা খুবই ভালো অভ্যাস। এর ফলে শিক্ষক কী বলছেন তা পরবর্তী সময়ের জন্য সংরক্ষিত থাকে। নোট করে পড়ার সময় এবং পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় এই ক্লাসনোট দারুণ উপকারী। কিন্তু শুধু নোট করতেই ব্যস্ত থাকলে শিক্ষক কী বলছেন বোঝার প্রতি মনোযোগ বেশি দেওয়া যায় না। ফলে নোট নিলেও পরে বুঝতে অসুবিধা হয়। না বুঝে শিক্ষকের লেকচার নোট নেওয়ার এই বদভ্যাস থেকে দূরে থাকতে হবে।

বইয়ের সব অংশ দাগানো

পড়ার সময় গুরুত্বপূর্ণ শব্দ, লাইন, সাল, তারিখ ইত্যাদি দাগানো ভালো অভ্যাস। এর ফলে কোথায় মনোযোগ দিতে হবে জানা যায়। রিভিশন দেওয়া সহজ হয়। কিন্তু বইয়ের প্রায় সব অংশই গুরুত্বপূর্ণ মনে করে লাল, নীল, সবুজ রঙের কালি দিয়ে ভরে ফেললে মূল উদ্দেশ্যই ব্যাহত হয়। কোন অংশ গুরুত্বপূর্ণ বোঝা যায় না। সহজে রিভিশন দেওয়া সম্ভব হয় না।

না বুঝে পড়া

না বুঝে পড়া কোনো ভালো অভ্যাস নয়। এতে অভিভাবক খুশি হতে পারেন তার সন্তান পড়ছে ভেবে কিন্তু এতে কোনো উপকার নেই। না বুঝে পড়ার অভ্যাস ত্যাগ করে বুঝে পড়ার অভ্যাস আয়ত্ত করতে হবে। এর ফলে কম সময়ে পড়া আয়ত্তে চলে আসবে।

একটানা পড়া

একটানা বেশিক্ষণ পড়া কোনো ভালো অভ্যাস নয়। আমাদের মস্তিষ্ক একনাগাড়ে ২৫-৩০ মিনিট কোনো বিষয়ে মনোযোগ ধরে রাখতে পারে। ফলে একনাগাড়ে ২৫-৩০ মিনিটের বেশি পড়ার অর্থ হলো সময় ও শ্রমের অপচয়। তাই একটানা না পড়ে ২৫-৩০ মিনিট পরে ৫ মিনিটের একটা ছোট বিরতি নাও। কিন্তু খেয়াল রাখো ৫ মিনিটের বিরতি যেন ৫ মিনিটেই সীমাবদ্ধ থাকে।

পরীক্ষার জন্য পড়া ফেলে রাখা

অনেক শিক্ষার্থীর প্রবণতা থাকে পড়া ফেলে রাখা। তারা মনে করে পরীক্ষার আগে সব পড়া শেষ করে ফেলবে। এভাবে পড়া জমে যায় এবং পরিশেষে দেখা যায় পরীক্ষার সময় পড়া শেষ হচ্ছে না। এই দুর্ভোগ এড়াতে পরীক্ষার জন্য পড়া ফেলে রাখার অভ্যাস থেকে দূরে থাকতে হবে। দিনের পড়া দিনে শেষ করো, তাহলে পরীক্ষার সময় অতিরিক্ত চাপ নিতে হবে না।

গৃহশিক্ষকের থেকে বুঝে নেওয়ার জন্য ক্লাসে প্রশ্ন না করা

অনেক শিক্ষার্থী ক্লাসে শিক্ষকের পড়ানো বুঝতে না পারলেও প্রশ্ন করে না। গৃহশিক্ষকের কাছে বুঝে নেওয়ার জন্য ফেলে রাখে। এর ফলে অতিরিক্ত সময় ও অর্থের অপচয় হয়। তাই যে বিষয়টি ক্লাসেই জেনে নিতে পারো সে বিষয়টি গৃহশিক্ষকের থেকে বুঝে নেওয়ার জন্য ফেলে রাখার বদভ্যাস থেকে দূরে থাকো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত