রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল শুরু

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০২:০৫ এএম

রাজশাহী থেকে সারা দেশের সব রুটে বাস চলাচল শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার পর রাজশাহী থেকে ঢাকাগামী এবং বিভিন্ন জেলা-উপজেলার উদ্দেশে বাস ছাড়তে শুরু করে। পরিবহন মালিকরা জানান, বিএনপির সামাবেশ ঘিরে বিশৃঙ্খলা ও সংঘাতের আশঙ্কায় তারা গত সোমবার থেকে বাস বন্ধ রেখেছিলেন। শঙ্কা কেটে যাওয়ার পরই বাস চলাচল শুরু করেন।

গতকাল বিকেল ৩টায় রাজশাহীতে বিএনপির সমাবেশ শুরু হয়ে সন্ধ্যা ৬টার দিকে শেষ হয়। এ সমাবেশ সামনে রেখে গত সোমবার সকাল থেকে রাজশাহী থেকে সারা দেশের বাস চলাচল কমতে থাকে। দুপুরের পর একেবারে বন্ধ হয়ে যায় বাস যোগাযোগ। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। যাত্রীবাহী বাসের বিকল্প হিসেবে অটোরিকশা বা ছোট যানবাহন চলাচল করলেও গতকাল সকাল থেকে এগুলোও বন্ধ করে দেওয়া হয়।

তবে বাস বন্ধ নিয়ে পরিবহন শ্রমিক নেতা ও বাস মালিকরা ভিন্ন বক্তব্য দিয়েছেন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী বলেন, ‘বগুড়ায় পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভাগীয় আঞ্চলিক কমিটির একটি প্রতিবাদ সভা ছিল গত ১৪ ফেব্রুয়ারি। সেখানে সন্ত্রাসী হামলায় গাড়ি ভাঙচুর ও চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে সেদিনই ধর্মঘটের সিদ্ধান্ত হয়। কিন্তু পৌরসভা নির্বাচনের কারণে স্থগিত রাখা হয়। নির্বাচন শেষ হওয়ামাত্র ধর্মঘট পালন করা হয়। আজ (গতকাল) বিভাগীয় আঞ্চলিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক আগামী ৬ মার্চ বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক পর্যন্ত ধর্মঘট স্থগিতের কথা জানিয়েছেন।’

অন্যদিকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, ‘বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে আমরা সড়কে বিশৃঙ্খলার আশঙ্কা করছিলাম। গাড়ি ভাঙচুর করা হতে পারে বলেও খবর ছিল। এজন্য শ্রমিকের জীবন ও যানবাহনের নিরাপত্তার জন্য বাস বন্ধ রাখা হয়ছিল। তবে আজ (গতকাল) বিকেল ৪টার পর পরিস্থিতি ভালো মনে হওয়ায় বিভিন্ন রুটে বাস চলাচল শুরু করা হয়। আশা করছি, বুধবার সকাল থেকে সব রুটে বাস চলাচল স্বাভাবিক হবে।’

সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘সমাবেশে লোক সমাগম ঠেকাতে বাস বন্ধ করে দেওয়া হয়। এরপরও মানুষ বিভিন্নভাবে এসে সমাবেশ সফল করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত