চোট নিয়ে খেলে ভুল করেছি: ওয়ার্নার

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০১:৪১ পিএম

চোট পুরোপুরি কাটিয়ে ওঠার আগে মাঠে নেমে এখন নিজের ভুল বুঝতে পারছেন ডেভিড ওয়ার্নার।

গত নভেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে কুঁচকির চোটে মাঠ ছাড়েন ওয়ার্নার। এর পর সীমিত ওভারের সিরিজের বাকি সব ম্যাচ ও টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে বাইরে থাকতে হয় তাকে। দলের সেরা ওপেনারকে ছাড়া অস্ট্রেলিয়ার টপ অর্ডার ছিল ছন্নছাড়া।

তৃতীয় টেস্ট দিয়ে মাঠে ফেরেন ওয়ার্নার। কিন্তু দুই ওয়ানডেতে দারুণ ব্যাট করা ওপেনার টেস্টে ছিলেন বিবর্ণ। সিডনিতে আউট হন দুই ইনিংসে ৫ ও ১৩ রান করে। পরের টেস্টে ব্রিজবেনে করেন ১ ও ৪৮।

ওই ম্যাচের পর ওয়ার্নার আবার মাঠে নামতে যাচ্ছেন বৃহস্পতিবার। ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট মার্শ কাপের ম্যাচে অ্যাডিলেডে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলবেন তিনি সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই ম্যাচ খেলতে সিডনি ছাড়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, দলের কথা ভেবেই চোট থেকে দ্রুত মাঠে ফিরেছিলেন।

‘ওই টেস্ট দুটি খেলার সিদ্ধান্ত আমারই ছিল। মনে হয়েছিল, মাঠে নেমে ছেলেদের পাশে থাকা দরকার। এখন পেছন ফিরে তাকিয়ে মনে হয়, সম্ভবত এটা করা উচিত হয়নি আমার। চোট নিয়ে যে অবস্থায় আছি, সেটিই আমাকে একটু পিছিয়ে দিয়েছিল।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া উঠতে না পারলে লম্বা সময় আপাতত কোনো টেস্ট ম্যাচ নেই তাদের। তবে ওয়ার্নারের ব্যস্ততা কম থাকবে না। মার্শ কাপের পর শেফিল্ড শিল্ড খেলবেন তিনি। এরপর খেলবেন আইপিএল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত