ভেট্টোরির অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ

আপডেট : ০৪ মার্চ ২০২১, ০১:৪৬ এএম

নিউজিল্যান্ডে দীর্ঘদিন পর স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরিকে পাচ্ছে জাতীয় দল। দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা আছে তার। আসন্ন সিরিজে ২০-২২ দিন দলের সঙ্গেই থাকছেন এই সাবেক কিউই অধিনায়ক। এই সময়ে চুক্তি অনুযায়ী দৈনিক সাড়ে তিন হাজার ডলার হিসেবে বাংলা টাকায় অর্ধ কোটি টাকা পাবেন ভেট্টোরি।

প্রশ্ন উঠছে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করে এই অভিজ্ঞ ক্রিকেটারকে কতটুকু কাজে লাগানো গেছে। বা এমন চুক্তি আদৌ প্রয়োজন ছিল কি না। যেখানে হেড কোচ রাসেল ডোমিঙ্গোর মাসিক পারিশ্রমিকের চেয়ে ভেট্টোরির ৫ দিনের পারিশ্রমিকই বেশি। তবে বিসিবি বলছে বুঝেশুনেই ভেট্টোরির সঙ্গে চুক্তি হয়েছে। বিসিবি প্রধান নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ভেট্টোরির অভিজ্ঞতাকেই গুরুত্ব দেওয়া হয়েছে, ‘ভেট্টোরি তার দেশের কঠোর কোয়ারেন্টাইন নিয়মের জন্য হয়তো আসতে পারেননি। উনি বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরেই যুক্ত হচ্ছেন। উনার মতো একজন কিংবদন্তি ক্রিকেটারের ক্ষেত্রে আমরা চুক্তিটা অন্যভাবে দেখছি। তার মতো কিংবদন্তি ক্রিকেটার বাংলাদেশ দলের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করাটা কিন্তু আলাদা গুরুত্ব রাখে। নিউজিল্যান্ডের কন্ডিশনে উনার অভিজ্ঞতা আমাদের কাছে অনেক মূল্যবান। সুতরাং বোর্ড যেটা করেছে সবকিছু চিন্তাভাবনা করেই করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত