টাকা দিবস পালন করল ‘কালেক্টার’

আপডেট : ০৪ মার্চ ২০২১, ১১:৪০ পিএম

স্বাধীন বাংলাদেশের প্রথম কাগজি মুদ্রার প্রচলনকে স্মরণীয় করে রাখতে ‘টাকা দিবস’ পালন করল মুদ্রাবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা কালেক্টার। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে ৬৮ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রথম মুদ্রিত টাকার আদলে বানানো কেক কেটে দিবসটি পালন করেন পত্রিকাটির উদ্যোক্তারা। এ সময় দেশের বিভিন্ন পর্যায়ের মুদ্রা সংগ্রাহকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালেক্টারের ব্যবস্থাপনা সম্পাদক প্রকৌশলী এস এম আকিবুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আবদুল্লাহ আল সাকী মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সাত্তার, মুদ্রা সংগ্রাহক সাঈদ বিন সালামসহ কালেক্টারের বোর্ড অব অ্যালাইন্সের সব সদস্য উপস্থিত ছিলেন। কালেক্টারের বৈদেশিকবিষয়ক সম্পাদক নিউ ইয়র্ক প্রবাসী মো. জহিরুল ইসলাম কুশায়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী দিনে আজ শুক্রবার মুদ্রা সংগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করবেন মুদ্রা সংগ্রাহকরা। 

টাকা দিবস উপলক্ষে কালেক্টার একটি লিফলেট প্রকাশ করে। এতে স্বাধীন বাংলাদেশের টাকার প্রচলনের ইতিহাস ঘটনার ক্রমানুসারে তুলে ধরা হয়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ১ ও ১০০ টাকার নোট প্রচলনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে প্রথম নিজস্ব কাগজি মুদ্রা চালু হয় ১৯৭২ সালের ৪ মার্চ। এ নিয়ে ১৯৭২ সালের ৫ মার্চ বাংলাদেশ অবজারভার একটি সংবাদও প্রকাশ করে।

এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশে প্রথম টাকা দিবস পালনের উদ্যোগ নেন কালেক্টারের ব্যবস্থাপনা সম্পাদক প্রকৌশলী এস এম আকিবুর রহমান। ভবিষ্যতে জাতীয়ভাবে টাকা দিবস পালনেরও আশা করছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত