হ্যাটট্রিককারীকে পোলার্ডের ৬ ছক্কা

আপডেট : ০৫ মার্চ ২০২১, ০১:২২ এএম

‘গিবস ও যুবরাজ, তোমাদের এক সঙ্গী জুটে গেল!’ অ্যান্টিগায় কাল ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-২০তে আগের ওভারেই হ্যাটট্রিক করা আকিলা দনঞ্জয়ার এক ওভারে কাইরন পোলার্ড ছয় ছক্কা হাঁকানোর পর ওই কথা বলছিলেন ধারাভাষ্যে থাকা ইয়ান বিশপ।

শ্রীলঙ্কার ১৩১ রান তাড়া করতে নামা উইন্ডিজের ইনিংসের ৩.২ ওভার থেকে ৫.৬ ওভারের মধ্যে নাটকীয় সব ঘটনা ঘটে। ছয় ছক্কা হজম করার আগের ওভারে দনঞ্জয়া হ্যাটট্রিকও করেন! শেষ পর্যন্ত উইন্ডিজ ৪১ বল হাতে রেখে ম্যাচ জিতেছে ৪ উইকেটে।

ইনিংসের প্রথম ১৯ বলে ৫২ রান তুলে নেয় এভিন লুইস ও লেন্ডল সিমন্স। শ্রীলঙ্কার অফ-লেগ স্পিনার দনঞ্জয়া চতুর্থ ওভারের দ্বিতীয় বলে জুটি ভাঙেন ২৮ রান করা লুইসকে আউট করে। দুই বছর পর উইন্ডিজ দলের হয়ে খেলতে নামা ক্রিস গেইল প্রথম বলেই এলবিডব্লিউ। পরের বলে নিকোলাস পুরানের ব্যাটে লেগে উইকেটকিপারের গ্লাভসে জমা পড়লে হ্যাটট্রিকের আনন্দে মাতেন নিষেধাজ্ঞা কাটিয়ে কদিন আগেই আন্তর্জাতিক আঙিনায় ফেরা দনঞ্জয়া। লাসিথ মালিঙ্গা (২ বার) ও থিসারা পেরেরার পর তৃতীয় লঙ্কান যিনি টি-২০তে হ্যাট্রটিক করলেন। কিন্তু তার এই আনন্দ নিমিষেই বিষাদে রূপ নেয়। 

পরের ওভারের জন্য ফেরা দনঞ্জয়ার ৬ বলে লং অন, লং অফ, স্ট্রেট ও মিডউইকেট দিয়ে ছয় ছক্কা তুলে নেন স্বাগতিক অধিনায়ক পোলার্ড। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে শুধু হার্শেল গিবস ও যুবরাজ সিং এক ওভারে ছয় ছক্কা মারতে পেরেছিলেন। যুবরাজের ছক্কা টি-২০তে। ২০০৭ সালে ডারবান প্রথম টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডকে ছয় বলে ছক্কা হাঁকান যুবরাজ। সে বছরই ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের ড্যান ভ্যান বাঙ্গের এক ওভারে ছয় ছক্কা মারেন দক্ষিণ আফ্রিকার গিবস। তবে পেশাদার ক্রিকেটে এটাই প্রথম ম্যাচ যেখানে হ্যাটট্রিকের সঙ্গে ছয় ছক্কাও দেখা গেল। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে অষ্টম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয় ছক্কা মারলেন পোলার্ড। ২০০৭ থেকে ১৪ বছরের মধ্যে ৬ বার এক ওভারে ছয় ছক্কা দেখা গেল।

ম্যান অব দ্য ম্যাচ পোলার্ড পরে বলেছেন, দনঞ্জয়ার সেই ওভারে টানা তৃতীয় ছক্কা পেয়ে যাওয়ার পর বাকি তিন বলেও ছক্কা মারার ভাবনাটা পেয়ে বসেছিল তাকে, ‘তৃতীয়টা পেয়ে যাওয়ার পর আরও কয়েকটি মারার কথা মাথায় আসে। পাঁচ নম্বরটা পেয়ে যাওয়ার পর বোলারের চাপটা বুঝেছি। তখন সিদ্ধান্ত নেই এটাও মারব।’

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৩১/৯ (নিশাকা ৩৯, ডিকভেলা ৩৩; ম্যাককয় ২/২৫, অ্যালেন ১/৪, হোল্ডার ১/১৯, ডোয়াইন ব্র্যাভো ১/২৬, সিনক্লিয়ার ১/২৬, এডওয়ার্ডস ১/২৯)। উইন্ডিজ : ১৩.১ ওভারে ১৩৪/৬ (পোলার্ড ৩৮, হোল্ডার ২৯*, লুইস ২৮, সিমন্স ২৬; হাসারাঙ্গা ৩/১২, দনঞ্জয়া ৩/৬২)। ফল : উইন্ডিজ ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা : কাইরন পোলার্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত