ইউরোপে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ

আপডেট : ০৫ মার্চ ২০২১, ০২:১৩ এএম

টানা ছয় সপ্তাহ কমার পর ইউরোপে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর এএফপির।

গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপপ্রধান হান্স ক্লুগ বলেন, ‘গত সপ্তাহে ইউরোপে করোনায় আক্রান্তের হার ৯ শতাংশ বেড়েছে। সংখ্যায় তা ছিল ১০ লাখের বেশি। অর্ধেক অঞ্চলেই নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে।’ তিনি আরও বলেন, ‘মধ্য ও পূর্ব ইউরোপে আক্রান্তের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। বেশ কয়েকটি পশ্চিম ইউরোপীয় দেশেও সংক্রমণের উচ্চ হার রয়েছে।’

হান্স বলেন, ‘আমাদের মৌলিক সুরক্ষা কর্মকাণ্ডে ফিরতে হবে। আমাদের ভ্যাকসিন প্রদান বাড়াতে হবে।’ ডব্লিউএইচওর ইউরোপ অঞ্চলে ৫৩টি দেশ রয়েছে। এসব দেশের মধ্যে ৪৫টিতে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

বিভিন্ন দেশের সরকারি তথ্যের ভিত্তিতে এএফপির পরিসংখ্যান অনুসারে, ইউরোপীয় ইউনিয়নের মোট জনসংখ্যার ২ দশমিক ৬ শতাংশ করোনা টিকার দুটি ডোজ এবং ৫ দশমিক ৪ শতাংশ এক ডোজ নিয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৪৫ হাজার। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজারে দাঁড়িয়েছে। এ সময়ে নতুন ১০ হাজার ৮৭৮ জনসহ এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৭০ হাজার ৮৪৭ জনে। এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৯ কোটি ১৪ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৫৬ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৩১ হাজার। সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা ১ কোটি ১১ লাখ ৫৬ হাজার। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৪৭১ জনের। প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ১ কোটি ৭ লাখ ২২ হাজার। মৃত্যু হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৪০২ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত ৪২ লাখ ৭৮ হাজার মানুষের শরীরে হানা দিয়েছে করোনা। মৃতের সংখ্যা ৮৭ হাজার ৩৪৮ জনে ঠেকেছে। দ্বিতীয় তরঙ্গে মহামারীর গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ৪১ লাখ ৯৪ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ১ লাখ ২৩ হাজার ৭৮৩ জনের। ছয়ে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ৩৮ লাখ ১০ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৮৭ হাজার ৫৪২ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা। একপর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত