গত ফেব্রুয়ারি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৯৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম ছিল। চলতি মার্চ মাসেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পাশাপাশি দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এমনটাই বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের ফেব্রুয়ারি মাসের পর্যালোচনা ও মার্চ মাসের পূর্বাভাসে। এতে বলা হয়েছে, পশ্চিমা ও পূবালী লঘুচাপের প্রভাব না থাকায় সারা দেশেই স্বাভাবিক বৃষ্টিপাত হয়নি। চলতি মার্চে এখনো দেখা মেলেনি বৃষ্টির। যদিও এই মাসের পূর্বাভাসে বজ্র, শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে তীব্র মাত্রার কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। অধিদপ্তর বলছে, দু-চার দিন বাদে সিলেট ও ময়মনসিংহে বৃষ্টি হতে পারে। আর সারা দেশে বৃষ্টির জন্য আরও সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, পশ্চিমা লঘুচাপ সক্রিয় না থাকায় ফেব্রুয়ারিতে স্বাভাবিক বৃষ্টিপাত হয়নি। এমনটা প্রায়ই হয়ে থাকে। যেমন গত বছর জানুয়ারিতে স্বাভাবিকের চেয়ে ৩০০ ভাগ বেশি বৃষ্টিপাত হয়েছিল। অথচ এ বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে বৃষ্টিই নেই। বৃষ্টির জন্য যে মেকানিজমের দরকার, সেটা এবার হয়নি। এখনো কিন্তু উত্তর-পশ্চিমা বাতাস বইছে, যেটা শীতকালে বয়ে থাকে। যখন দক্ষিণ-পশ্চিমা বাতাস বইবে এবং দুইটার সংমিশ্রণ ঘটবে, তখনই বৃষ্টি হবে। এ মাসে প্রায় সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭-৮ তারিখের পর সিলেট ও ময়মনসিংহে বৃষ্টি হতে পারে। আর অন্যান্য বিভাগে বৃষ্টির জন্য আরও এক সপ্তাহের মতো অপেক্ষা করতে হবে। আর এখনকার বৃষ্টি মানে হালকা বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া, বিজলি চমকানো এবং কখনো কালবৈশাখী ঝড়। এ মাসের শেষ দিকে কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা রয়েছে বলে জানান তিনি।
অধিদপ্তরের মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১-২ দিন বজ্র, শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র ২-৩ দিন বজ্র, শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে। অধিদপ্তরের ফেব্রুয়ারি মাসের আবহাওয়ার পর্যালোচনায় বলা হয়েছে, ওই মাসে স্বাভাবিকের চেয়ে ৯৯ দশমিক ১ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারিতে স্বাভাবিকভাবে সব বিভাগেই সর্বনিম্ন দুদিন থেকে সর্বোচ্চ চার দিন পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা থাকলেও শুধু খুলনায় দুদিন সামান্য পরিমাণ বৃষ্টি হয়েছে। বাকি বিভাগগুলোয় এক দিনও বৃষ্টি হয়নি। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মার্চে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। এ মাসে সর্বোচ্চ ৬-৮ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে। আর সবচেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুরে। বিভাগটিতে ১-৩ দিন বৃষ্টি হতে পারে। এ ছাড়া ঢাকায় ৩-৫ দিন এবং বাকি বিভাগগুলোয় ২-৪ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক (৩৪-৩৬ ডিগ্রি সেলসিয়াস) অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। সেই সঙ্গে মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে দু-একটি মৃদু বা মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যেতে পারে। অধিদপ্তরের তথ্যমতে, কোনো অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মৃদু এবং ৩৮-৪০ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বলে।
এদিকে কয়েক দিনের অস্বাভাবিক গরমের পর দুদিন ধরে তাপমাত্রা কিছুটা কমে এসেছে। রাজধানীতে কয়েক দিন আগে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রির ওপরে উঠলেও তা কমে গিয়ে গতকাল রেকর্ড হয়েছে সাড়ে ১৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমে গতকাল রেকর্ড হয়েছে ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কিছুদিন আগেও যেটা ৩৬ ডিগ্রির ওপরে উঠেছিল। এ ছাড়া গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
