বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম আফ্রিকান কমন ইল্যান্ডের

আপডেট : ০৫ মার্চ ২০২১, ০৯:০১ এএম

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকান তৃণভোজী প্রাণী কমন ইল্যান্ড পরিবারে নতুন অতিথির জন্ম হয়েছে। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মা ও শাবক উভয়ই সুস্থ আছে।

তিনি জানান, কমন ইল্যান্ড একটি পুরুষ বাচ্চার জন্ম দিয়েছে। জন্ম নেওয়া এই শাবকসহ সাফারি পার্কে মোট কমন ইল্যান্ড হলো চারটি। বর্তমানে মা বাচ্চাকে পরিচর্যা করছে।

শাবকটি জন্মের পর থেকেই হাঁটতে শুরু করেছে। মায়ের পেছন পেছন ঘুরছে এবং মাঝে মধ্যে দুধ পান করছে। সন্তানের নিরাপত্তার জন্য মা কমন ইল্যান্ড তাকে নিয়ে ঝোপের আড়ালে অবস্থান করছে, মাঝে মাঝে বাইরে বেরও হচ্ছে।

এ নতুন শাবক ঘিরে পার্কের দর্শনার্থীদের মাঝে নতুন আমেজ তৈরি হয়েছে।

কমন ইল্যান্ড থেকে এর আগেও বাচ্চা পাওয়া গেছে। এগুলো দক্ষিণ আফ্রিকার প্রাণী হলেও পার্কের অনুকূল পরিবেশ পাওয়ায় প্রাণীগুলো বংশ বিস্তার করতে পারছে।

পার্কের বন্যপ্রাণী পরিদর্শক সরোয়ার হোসেন খান জানান, সাফারি পার্ক প্রতিষ্ঠার পর ২০১৫ সালের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা থেকে কমন ইল্যান্ড আনা হয়। কমন ইল্যান্ডের প্রধান খাবার গুল্মলতা, ঘাস, গাছের বাকলও নরম মূল। বর্তমানে ভুট্টা, ঘাস, গমের ভুসি, সয়াবিন, ভুট্টা ও ছোলা দেওয়া হচ্ছে। এদের প্রজনন পিরিয়ড বছরের যে কোনো সময় হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত