নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজে অবস্থা যা দাঁড়িয়েছে আগে ব্যাট করলেই জয়। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে আগে ব্যাট করে নিউজিল্যান্ড। জিতেছে তারাই। পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়া আগে ব্যাট করে। দুটি জয়ে সিরিজ ২-২ সমতায় এনেছে সফরকারীরা। ওয়েলিংটনে শুক্রবার স্বাগতিকদের ৫০ রানে হারিয়েছে অজিরা। আগে ব্যাট করে অধিনায়ক অ্যারন ফিঞ্চের ৭৯ রানে ১৫৬ করে অস্ট্রেলিয়া। জবাবে ১০৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
ওয়েলিংটনে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরির পথে ৫৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭৯ রানে দুটি রেকর্ড গড়েছেন ফিঞ্চ। একটি চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে একশ ছক্কার মাইলফলক। অপরটি টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক। ২২৬৫ রান করা ডেভিড ওয়ার্নারকে টপকে সর্বোচ্চ ২৩১০ রান এখন ফিঞ্চের। পুরো ম্যাচে ফিঞ্চ ছাড়া নিউজিল্যান্ডের কাইল জেমিসন ২০ রানের বেশি ৩০ করেন।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১৩৫ ছক্কা মার্টিন গাপটিলের। দ্বিতীয় সর্বোচ্চ ১২৭টি রোহিত শর্মার। ১১৩ ছক্কা নিয়ে তিনে আছেন ইয়ুন মরগ্যাান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৯ ইনিংসে ৪৮ টি ছক্কা মেরেছেন মাহমুদউল্লাহ।
