রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকজাতীয় দ্রব্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর চকবাজারের চক সার্কুলার রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো মো. হৃদয়, মুন্না ওরফে রজব, মো. নুরে আলম তপু ও মোহাম্মদ রাব্বি। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৯৯১ পিস বিস্ফোরকজাতীয় দ্রব্য, একটি মোবাইল ফোন ও ১৮ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০-এর লালবাগ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রেজাউল করিম। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে বিস্ফোরকজাতীয় পদার্থ বিক্রি করে আসছিল। এ ধরনের বিস্ফোরকজাতীয় পদার্থ বিক্রির ফলে বিভিন্ন দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এমনকি মানুষের জীবনহানিও হতে পারে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় পৃথক মামলা হয়েছে।
