আগামী ১ এপ্রিল শুরু হচ্ছে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস। তবে এ গেমসের কারাতে ইভেন্ট বান্দরবান পার্বত্য জেলায় ৬ এপ্রিল শুরু হয়ে ৮ এপ্রিল শেষ হবে। কারাতে ম্যাচ অনুষ্ঠিত হবে বান্দরবানের মেঘলার জেলা পরিষদ কমিউনিটি সেন্টার হল রুমে।
গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হল রুমে সংবাদ সম্মেলনে এ কথা জানান, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি ও দক্ষিণ এশিয়া কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য আলেকজান্ডার বো প্রমুখ।
১ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে এবারের বাংলাদেশ গেমস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গেমসের নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস’।
