শুক্রবার কভিড পজিটিভের রিপোর্ট পাওয়া আইরিশ ক্রিকেটার রুহান প্রিটোরিয়াস রবিবারই মাঠে নেমে দারুণ এক ইনিংস খেলেছেন। এদিন নেগেটিভ রেজাল্ট আসায় খেলার অনুমতি পেয়ে সেঞ্চুরি থেকে দশ রান দূরে থামেন।
নতুন রিপোর্ট পেয়ে আইসোলেশন থেকে বেরিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে এই পেস বোলিং অলরাউন্ডার ৩৮ ওভার উইকেটে থাকেন।
পরিত্যক্ত প্রথম ম্যাচের পর দুই দলের সব ক্রিকেটারের কভিড পরীক্ষা করানো হয় আরেক দফায়। সেই রিপোর্টে নেগেটিভ হন সবাই। সূচি অনুযায়ীই রবিবার সকালে চট্টগ্রামে শুরু হয় একদিনের ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ।
শুক্রবার প্রথম একদিনের ম্যাচ চলার সময় জানা যায়, প্রিটোরিয়াস কভিড পজিটিভ। দুই দলের ক্রিকেটারদের রুটিন পরীক্ষা ছিল গত বুধবার। সেটির ফল আসতে দেরি হয়, ততক্ষণে শুক্রবার ম্যাচ শুরু হয়ে যায়। প্রিটোরিয়াস ৪ ওভার বোলিংও করে ফেলেন। ৩০ ওভার পর দুই দলের সঙ্গে কথা বলে ম্যাচ পরিত্যক্ত করে দেন আম্পায়াররা।
বিসিবির ধারণা, কভিড রিপোর্ট ভুল আসতে পারে।
বাংলাদেশ সফরে একটি চারদিনের, পাঁচ ওয়ানডে আর দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলতে এসেছে আইরিশরা। ইতিমধ্যে চারদিনের ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম ওয়ানডে ভেস্তে যাওয়ার পর বাকি চার ম্যাচ থেকেই হবে সিরিজের ফল।
