আগেই নির্ধারিত ছিল এপ্রিলের মাঝামাঝি শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল জানালেন ১২ এপ্রিল যাচ্ছে দল। এরপর ওয়ানডে সুপার লিগের তিন ম্যাচ খেলতে লঙ্কান দলের দেশে আসার সময়ও প্রায় নিশ্চিত। নিজামউদ্দিন জানান, ওই সিরিজ হবে ঈদের পরপরই।
এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ শ্রীলঙ্কা সিরিজ দুদফা পিছিয়েছে। শেষবার তাদের কঠোর কোয়ারেন্টাইন নীতিমালার জন্য বাংলাদেশ যায়নি। এবার সেই কঠোর অবস্থানে নেই শ্রীলঙ্কা সরকার। নিয়মে শিথিলতা এনে ৬-৭ দিনের মধ্যেই কোয়ারেন্টাইন ও করোনা পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করা হবে। দুই টেস্টের সিরিজ খেলে মে মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন ক্রিকেটাররা। এরপর দুই সপ্তাহের মতো ছুটি। গতকাল মিরপুরে নিজামউদ্দিন চৌধুরী জানালেন, দুইটা টেস্ট এক জায়গায় হবে। নিউজিল্যান্ড থেকে দেশে ফেরার পর হয়তো ১৪-১৫ দিনের একটা সময় পাবে ক্রিকেটাররা। আর শ্রীলঙ্কায় দুই টেস্টে খেলে ২০ মে’র দিকে দেশে আসবে। ঈদের পরপরই ওয়ানডে সিরিজ।
দুই টেস্টের সম্ভাব্য ভেন্যু ধরা হয়েছিল ক্যান্ডির পাল্লেকেলে। কিন্তু ভেন্যু বদল হয়ে খুব সম্ভব কলম্বোতেই ম্যাচ দুটি হবে। এছাড়া ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠায় জুনে শ্রীলঙ্কায় এশিয়া কাপ হচ্ছে না। ওই সময় জাতীয় দলের ক্রিকেটাররা ফ্রি থাকবেন বলে ঘরোয়া ক্রিকেটে খেলতে পারেন বলেও জানান নিজামউদ্দিন।
