করোনায় আক্রান্ত হয়ে নগর পরিকল্পনাবিদ ও সাউদার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রকৌশলী আলী আশরাফ (৬৮) মারা গেছেন। গত শনিবার রাত সোয়া ২টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রকৌশলী আলী আশরাফ ফটিকছড়ির মরহুম অ্যাডভোকেট মো. নুরুল হুদার বড় ছেলে।
গতকাল রবিবার বাদ জোহর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা শেষে গ্রামের বাড়ি ফটিকছড়ির জাহানপুরে নিয়ে যাওয়া হয়।
আলী আশরাফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চসিকের সাবেক প্রশাসক মো. খোরশেদ আলম সুজন, সাউদার্ন ইউনিভার্সিটিসহ আরও অনেকে।
