রাজধানীর গুলিস্তানে দুই বাসের চাপায় পারভীন বেগম (৪৮) নামে এক নারী প্রাণ হারিয়েছেন। গতকাল রবিবার দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউর গোলাপ শাহ মাজারের সামনে এ ঘটনা ঘটে। ওই নারী চিকিৎসা নিতে মুন্সীগঞ্জের সিরাজদীখান থেকে ঢাকায় এসেছিলেন। দুর্ঘটনার পর দুটি বাস জব্দ ও দুই চালককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পারভীন বেগমের মেয়ে সুরাইয়া আক্তার জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার রাজদিয়া গ্রামে। তিনি বাতজ¦রে আক্রান্ত। গ্রাম থেকে গতকাল ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিতে যান মা ও মেয়ে। সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার উদ্দেশে গুলিস্তানে নেমে আরেকটি বাসে ওঠার জন্য যাচ্ছিলেন। গোলাপ শাহ মাজারের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় তার মা সামনে এবং তিনি পেছনে ছিলেন। এ সময় দুটি বাসের মাঝে চাপা পড়েন পারভীন। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার এসআই আবদুল মাজেদ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস দুটি জব্দ করেছে। দুই বাসের চালক গোলাম মোস্তফা ও শাহীন বেপারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা দিয়েছেন নিহতের স্বজনরা।
এদিকে পঞ্চগড়ে আলুবাহী একটি ট্রাক্টর অতিক্রম করতে গিয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। চট্টগ্রামের আনোয়ারায় প্রাইভেট কারের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। খুলনায় সড়কে এক এলপি গ্যাস ব্যবসায়ী নিহত হয়েছেন। নোয়াখালীর বেগমগঞ্জে বেগমগঞ্জ-মাইজদী সড়কে পিকআপ ভ্যান, সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :
নোয়াখালীতে নিহত ১ : বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ-মাইজদী সড়কে পিকআপ ভ্যান, সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. পারভেজ হোসেন মিলন (২৪) নামে এক সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গত শনিবার বিকেলে অন্তঃপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড শীলমুদ গ্রামের আলাউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে একটি ছেলে সন্তান প্রসব করেন মিলনের স্ত্রী। গত শনিবার দুপুরে নিজ বাড়ি বজরা থেকে শ্যালিকাকে নিয়ে সিএনজিযোগে ছেলেকে দেখতে জেনারেল হাসপাতালে আসছিলেন মিলন। পথে তাদের বহনকারী সিএনজিটি বেগমগঞ্জ-মাইজদী সড়কের অন্তঃপুর রাস্তার মাথায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের সিএনজি ও একটি মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে মিলন ও মোটরসাইকেল আরোহীসহ ছয়জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
পঞ্চগড়ে মোটরসাইকেল আরোহী নিহত : দেবীগঞ্জ উপজেলায় আলুবাহী ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে ট্রাক্টরের চাপায় কার্তিক চন্দ্র বর্মণ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের মাড়েয়া-শালডাঙ্গা সড়কের শালডাঙ্গা বাজার মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কার্তিক ওই ইউনিয়নের ছত্র শিকারপুর এলাকার পবিত্র নাথ বর্মণের ছেলে।
দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন আলুবোঝাই ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে কার্তিক চন্দ্র বর্মণ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবার না চাওয়ায় লাশ ময়নাতদন্তে পাঠানো হয়নি। এ ব্যাপারে দেবীগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
কর্ণফুলীতে অটোরিকশাচালক নিহত : চট্টগ্রামের কর্ণফুলীতে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে চালকের পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, কর্ণফুলী উপজেলার ক্রসিং মোড়ে একটি প্রাইভেট কার আরেকটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালক গুরুতর আহত হন। পরে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনায় এলপি গ্যাস ব্যবসায়ী নিহত : খুলনায় সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান মানিক (২৫) নামে এক এলপি গ্যাস ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ভোরে নগরীর রূপসা বাইপাস সড়কের লবণচরা থানার কাছে এ দুর্ঘটনা ঘটে। তিনি রূপসা উপজেলার এলাইপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
লবণচরা থানার ওসি সমীর কুমার সরকার জানান, গতকাল ভোরে মোংলা থেকে পিকআপ ভ্যানে মানিক এলপি গ্যাস নিয়ে খুলনার ডিপোতে ফিরছিলেন। খানজাহান আলী সেতু (রূপসা) পার হয়ে লবণচরা থানার কাছে পৌঁছানোর পর পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালকের পাশের সিটে বসে থাকা মানিক ঘটনাস্থলেই নিহত ও চালক গুরুতর আহত হন।
ওসি বলেন, আশঙ্কাজনক অবস্থায় চালককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মানিকের লাশ মর্গে পাঠানো হয়েছে।
