গুঞ্জন সত্যি করে অবশেষে ক্ষমতাসীন ভারতীয় জনতা দলে (বিজেপি) যোগ দিয়েছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। গতকাল রবিবার কলকাতায় ব্রিগেড মঞ্চে পদ্ম পতাকা হাতে তুলে নেন ‘ডিস্কো ড্যান্সার’ খ্যাত এ অভিনেতা। আনুষ্ঠানিকভাবে তিনি বিজেপিতে যোগ দেন বলে জানিয়েছে এনডিটিভি।
মিঠুন বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন বলে কয়েক দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। কলকাতার ব্রিগেডের মাঠে নরেন্দ্র মোদির হাত থেকেই বিজেপির হাতে তুলে নিতে পারেন মিঠুন, সেই জল্পনাও জারি ছিল। এদিন সকাল-সকালই ব্রিগেডের উদ্দেশে রওনা দেন মিঠুন। মোদি পৌঁছানোর আগেই ব্রিগেড মঞ্চে কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নেন।
এরপর বক্তব্য রাখতে উঠে মিঠুন বলেন, ‘আজকের দিনটা আমার কাছে স্বপ্নের মতো। আমি স্বপ্ন দেখেছিলাম, জীবনে কিছু একটা করব। কিন্তু এমনটা ঘটবে, আমি ভাবিনি। এতবড় নেতা, নরেন্দ্র মোদির মতো একজন নেতার সঙ্গে এখানে আসতে পেরেছি। এটা স্বপ্ন ছাড়া আর কী? গরিবের জন্য আমি কিছু করতে চাই। এটাও স্বপ্ন ছিল আমার। স্বপ্ন হৃদয় দিয়ে আসে। আমি বাঙালি, আমি গর্বিত আমি বাঙালি।’
মিঠুনের বক্তৃতা রাখার সময়ই প্রবল উৎসাহী জনতা তার উদ্দেশে সিনেমার ডায়লগ শোনার আবদার জুড়ে দেয়। আর তখনই নিজের বিখ্যাত সেই সংলাপ ‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে’ উচ্চারণ করে রীতিমতো ঝড় তোলেন ব্রিগেডের মাঠে। এরপরই মিঠুন আবার বলেন, ‘এই ডায়লগটা চলবে। আরেকটা নতুন ডায়লগ দিচ্ছি, আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই, আমি কোবরা, আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি। আমি সবসময় আপনাদের সঙ্গে থাকব।’
