আওয়ামী লীগ ভ্রান্ত ইতিহাস দিচ্ছে : ফখরুল

আপডেট : ০৮ মার্চ ২০২১, ০২:৪২ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে সত্য ইতিহাস থেকে তরুণ প্রজন্মকে বঞ্চিত করে ভ্রান্ত ইতিহাস দিচ্ছে।’ গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘৭ মার্চ উপলক্ষে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে নতুন প্রজন্মকে ইতিহাস থেকে বঞ্চিত করে তাদেরকে ভ্রান্ত ইতিহাস দিচ্ছে। ধারণা দিচ্ছে একটা মাত্র দল, একটা ব্যক্তি। আমরা সেই ধারণার সত্যতা তুলে ধরতে চাই।’

তিনি বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) বক্তব্যের কোথাও তোফায়েল আহমেদের কথাও খুঁজে পাবেন না। তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কথা একবারও উচ্চারণ করেন না। এমনকি যুদ্ধে যে সর্বাধিনায়ক ছিলেন, এম এ জি ওসমানী, তার নামও একবারও উচ্চারণ করেন না। আর যুদ্ধকালীন যে সরকার, যিনি নেতৃত্ব দিলেন ‘তাজউদ্দীন আহমদ’ তার নামও একবারও উচ্চারণ করেন না। কত সংকীর্ণ এরা! কত ভয়ংকর। শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে, ক্ষমতায় টিকে থাকার জন্য এবং নিজেদের ও একজন মানুষ ও একটি পরিবারকে মহিমান্বিত করার জন্য মিথ্যা ইতিহাস মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই ৭ মার্চ পালন করা উচিত কি উচিত নয়, এটা নিয়ে অনেক কথা হয়েছে। তাদের উদ্দেশে বলতে চাই, ৫০ বছর আগে এই ঘটনাগুলো ঘটেছিল। আর ৫০ বছর পরে নতুন প্রজন্মের নতুন ইতিহার জানার অধিকার রয়েছে। আজকে যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সত্যকে এড়িয়ে গিয়ে সম্পূর্ণভাবে একটা দলীয় ধারণা এই জাতির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা সেই জায়গায়, এদেশের সবচেয়ে বড় দল হিসেবে মনে করি, এই সত্যি ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা উচিত।’

সুবর্ণজয়ন্তী উদযাপনের বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিএনপি বসেছিল উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা বলেছিলেন, আপনারা কেন সুবর্ণজয়ন্তী পালন করছেন না। স্বাধীনতা কি একা আওয়ামী লীগের। না কোনো ব্যক্তির? স্বাধীনতা হচ্ছে সমগ্র দেশের।

‘বিএনপি অনেক বড় কাজে হাত দিয়েছে’এ কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সেটা হচ্ছে খালেদা জিয়াকে মুক্ত করা, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের মর্যাদা সম্পূর্ণভাবে স্থাপিত করা, তার খেতাব লাগে না, তিনি প্রত্যেকের হৃদয়ে আছেন। ইতিহাস তাকে ধারণ করেছে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। ইতিমধ্যে গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়েছে তারেক রহমান দেশে আসছে।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত