নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় গ্রেপ্তার বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। সোববার দুপুরে জেলার ৪ নম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এসএম মোসলেহ উদ্দিন মিজান এ আদেশ দেন।
এর আগে সকালে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা
মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ বেলালকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
বেলালকে রোববার দুপুরে কোম্পানীগঞ্জের
চরফকিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে গ্রেপ্তার করে পিবিআই। গ্রেপ্তার বেলাল ওই ওয়ার্ডের ইব্রাহিমের ছেলে। তিনি চরফকিয়া ইউনিয়ন যুবলীগের একজন সদস্য।
তদন্ত কর্মকর্তা নোয়াখালী জেলা পিবিআই পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, আসামিকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে পরে আদালত শুনানী শেষে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। তাকে পিবিআই জেলা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট পূর্ব বাজারে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির।
পরে চিকিৎসাধীন অবস্থায় ২০ ফেব্রুয়ারি শনিবার রাত ১০টা ৪০মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি মুজাক্কিরের বাবা নোয়াব আলী মাস্টার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিন রাতেই মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে স্থানান্তর করা হয়।
