দুঃসময়ে লাপোর্তা আবার বার্সার দায়িত্বে

আপডেট : ০৯ মার্চ ২০২১, ০১:২৮ এএম

রবিবারের নির্বাচনে ৫৪.২৮ শতাংশ ভোট পেয়ে বার্সার ১৪তম প্রেসিডেন্ট হয়েছেন লাপোর্তা। ৫৫ হাজার ৬১১ জন ভোট দিতে এসেছিলেন, যা বার্সেলোনার সদস্যদের ৫০.৪২ শতাংশ। এর মধ্যে ৩০ হাজার ১৮৪ ভোট পেয়েছেন ৫৯ বছর বয়সী লাপোর্তা। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিক্তর ফন্ত পেয়েছেন ১৬ হাজার ৬৭৯ ভোট। আর ক্লাবের আর্থিক দুঃসময়ে এমবাপে-হালান্ডদের এনে দেওয়ার প্রতিশ্রুতিটা যে শুভংকরের ফাঁকি, সেটা বার্সেলোনা সদস্যরা ঠিকই বুঝে ফেলেছিলেন। এ কারণেই টনি ফ্রেইজার কপালে জুটেছে মাত্র ৪ হাজার ৭৬৯ ভোট।

বার্সা ইতিহাসে এর আগে শুধু একবারই এরচেয়ে বেশি ভোট দিতে দেখা গেছে। ২০১০ সালে লাপোর্তার সময় শেষে নির্বাচনে সান্দ্রো রোসেল ৩৫ হাজার ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। সেবার ৫৭ হাজার ৮৮ ভোটার ভোট দিয়েছিলেন। ২০০৩-এর নির্বাচনে অখ্যাত হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে ক্যারিশম্যাটিক প্রচারণার জন্য প্রদত্ত ভোটের ৫২.৬ শতাংশ (২৭ হাজার ১৩৮) পেয়েছিলেন লাপোর্তা। করোনা পরিস্থিতি না থাকলে এবার সে রেকর্ড নিশ্চিতভাবেই ভাঙতেন হুয়ান লাপোর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত