এনটিআরসিএর নিবন্ধনধারী

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের নির্দেশ

আপডেট : ০৯ মার্চ ২০২১, ০২:০৮ এএম

এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্র্তৃপক্ষ) নিবন্ধনধারীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার সুপারিশ করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আদেশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে এনটিআরসিএর চেয়ারম্যানকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে নিবন্ধনধারীদের নিয়োগসংক্রান্ত হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে বলেছে আদালত। এ বিষয়ে এর আগে হাইকোর্টের রায় বাস্তবায়ন না করায় আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান, ছিদ্দিক উল্লাহ মিয়া ও মহিউদ্দিন মো. হানিফ ফরহাদ।

আইনজীবীরা জানান, এনটিআরসিএর নিবন্ধন সনদ থাকার পরও নিয়োগবঞ্চিত ১৭ হাজার ২০০ প্রার্থীর পক্ষে ১৬৬টি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গত বছরের ১৫ ডিসেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির ওপর নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। এ বিষয়ে আদালত অবমাননাসংক্রান্ত রুলের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষক নিয়োগের কোনো বিজ্ঞপ্তি দিতে পারবে না বলে আদেশে বলা হয়।

ব্যারিস্টার মহিউদ্দিন মো. হানিফ ফরহাদ জানান, ২০১৭ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্টের এক রায়ে কয়েক দফা নির্দেশনার মধ্যে ৫ নম্বর নির্দেশনায় ছিল, সম্মিলিত মেধাতালিকা অনুযায়ী রিট আবেদনকারী এবং অন্যান্য আবেদনকারীকে নিয়োগ দিতে হবে। কিন্তু দীর্ঘ সময়েও এই রায় বাস্তবায়ন না করায় রিট আবেদনকারীরা এনটিআরসিএর চেয়ারম্যানের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন। আবেদনের ওপর শুনানি নিয়ে ২০১৯ সালের ১৪ জানুয়ারি এনটিআরসিএর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে হাইকোর্ট। রুল বিবেচনাধীন থাকা অবস্থায় নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ। এরপর এনটিআরসিএকে নিয়োগ থেকে বিরত থাকতে একটি আবেদন করেন রিটকারীরা। তিনি বলেন, আদালত অবমাননাসংক্রান্ত রুলের শুনানিকালে অন্তর্বর্তীকালীন এ আদেশ দিয়েছে হাইকোর্ট। আদেশপ্রাপ্তির ১৫ দিনের মধ্যে এনটিআরসিএর চেয়ারম্যানকে নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত