নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের আইসোলেশন ও কোয়ারেন্টাইন পর্ব শেষ হচ্ছে বুধবার। ক্রাইস্টচার্চে এই পর্ব শেষ করে টাইগারদের পরবর্তী গন্তব্য কুইন্সটাউন। সিরিজ শুরুর আগে যেখানে পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প করবে সফরকারীরা। দলের স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টরি বুধবারই কুইন্সটাউনে যোগ দেবেন টাইগারদের সঙ্গে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ১০০ দিনের চুক্তিতে রয়েছেন ভেট্টরি। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘কুইন্সটাউনে দলের সাথে যোগ দেবেন ভেট্টরি। আসন্ন সিরিজে দলকে প্রস্তুত করতে সহায়তা করবেন তিনি।’
বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০১৯ সালে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে কাজ করছিলেন ভেট্টরি। এরপর করোনার কারণে দীর্ঘদিন কোনো সিরিজ খেলেনি বাংলাদেশ। গেল জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের সিরিজ থাকলেও নিজ দেশে করোনার কড়া প্রটোকলের কারণে টাইগারদের সঙ্গে যোগ দেননি ভেট্টরি।
নিজ দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজ দিয়েই বাংলাদেশের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করবেন নিউজিল্যান্ড কিংবদন্তি ভেট্টরি। বিসিবি তার সঙ্গে নতুন চুক্তিতে যাচ্ছে না। ইতিমধ্যে নতুন স্পিন কোচ খুঁজতে শুরু করেছে বিসিবি।
সফরে কিউইদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে টাইগারদের মিশন। ওয়ানডে সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।
