স্বাধীনতার ৫০ বছরপূর্তি

সব সাইট ফোর-জিতে রূপান্তর করতে চায় গ্রামীণফোন

আপডেট : ১০ মার্চ ২০২১, ১২:২৬ এএম

নিলামে অতিরিক্ত তরঙ্গ অধিগ্রহণের মাধ্যমে গ্রাহকদের শক্তিশালী ফোর-জি সেবা নিশ্চিত করতে পারবে বলে জানিয়েছে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। গত সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আয়োজিত নিলাম থেকে অতিরিক্ত ১০ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ অধিগ্রহণের ফলে গ্রামীণফোনের সর্বমোট তরঙ্গের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৪ মেগাহার্টজ। বাড়তি তরঙ্গ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তির উদযাপনের মাহেন্দ্রক্ষণে সব সাইট ফোর-জি রূপান্তর করতে সহায়ক ভূমিকা রাখবে বলে গ্রামীণফোন জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে অপারেটরদের সেবার মান উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে মোবাইল ইন্টারনেট গতিতে বিশে^র বেশিরভাগ দেশ থেকেই পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিটিআরসির কর্মকর্তারা জানিয়েছেন, সেবার মান খারাপ হওয়ার উল্লেখযোগ্য একটি বড় কারণ হচ্ছে পর্যাপ্ত তরঙ্গ না থাকা। দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যার তুলনায় তরঙ্গ খুবই নগণ্য। এমন পরিস্থিতিতে গত সোমবারের নিলাম থেকে অতিরিক্ত তরঙ্গ কেনায় মোবাইল ফোন অপারেটরদের সেবার মান আরও বাড়বে।

সোমবারের নিলাম থেকে ১৮০০ ও ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে আরও ১০ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ কেনা প্রসঙ্গে গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানিয়েছে, অতিরিক্ত তরঙ্গের মাধ্যমে গ্রাহকদের ফোর-জি ব্যবহার অভিজ্ঞতা এবং সেবা গ্রহণের মান সমুন্নত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করবে গ্রামীণফোন। সর্বোচ্চ সংখ্যক ফোর-জি সাইটের মাধ্যমে বিস্তৃত ফোর-জি কাভারেজ নিশ্চিতে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। ডিজিটালাইজেশন ও অসংখ্য সম্ভাবনার সংযুক্তির মাধ্যমে নানা সুযোগ উন্মোচনে গ্রামীণফোনের লক্ষ্য স্বাধীনতা দিবসে এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তির উদযাপনের মাহেন্দ্রক্ষণে সব সাইট ফোর-জি রূপান্তর করা।

গ্রামীণফোনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এবং প্রধান আর্থিক কর্মকর্তা ইয়েন্স বেকার বলেন, ‘একটি সফল ও স্বচ্ছ নিলাম দেশ, টেলিকম খাত এবং গ্রাহকদের জন্য ভালো ফল নিয়ে আসবে। অতিরিক্ত এ তরঙ্গের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ উদ্যোগে আরও বেশি অবদান রাখতে এবং শহর ও প্রত্যন্ত অঞ্চলে গ্রাহকদের ক্রমবর্ধমান উচ্চগতির ইন্টারনেট চাহিদা মেটাতে গ্রামীণফোনকে আরও বেশি সমর্থ করে তুলবে।’

তিনি আরও বলেন, এই নিলামের মাধ্যমে বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ সম্ভাবনার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। নিলামের ইতিবাচক ফলাফল দেশের জনগণকে মানসম্পন্ন কানেক্টিভিটি সুবিধা দানের লক্ষ্যের প্রতি সরকারের প্রতিশ্রুতিকে দৃশ্যমান করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত