মন্ত্রিসভা বৈঠক

ইলেক্ট্রনিক ব্যাংকিং ব্যবস্থাপনায় নতুন আইন আসছে

আপডেট : ১০ মার্চ ২০২১, ০২:৩৫ এএম

শিশু হাসপাতালকে ইনস্টিটিউটে রূপান্তর করা হচ্ছে। এজন্য ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন মন্ত্রীরা। বৈঠকে ‘সরকারি ঋণ আইন, ২০২১’ ও ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২১’ এবং ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন, ২০২১’ এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব অনুমোদনের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এর আগে ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইনের নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম পরিচালনা, ব্যবস্থাপনা, শিক্ষার মানোন্নয়ন, আর্থিক বিষয়াদির জবাবদিহি ও উন্নত সেবার জন্য এই আইন প্রণয়ন করা হচ্ছে। ইনস্টিটিউট হলে গবেষণা গুরুত্ব পাবে। হাসপাতাল ও ইনস্টিটিউট কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশেষায়িত শিশু চিকিৎসা বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতকোত্তর ডিপ্লোমা ও মেডিকেল টেকনোলজির বিষয়ে স্নাতক ও ডিপ্লোমা কোর্স পরিচালনা করতে পারবে। এছাড়াও কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে বিভিন্ন কোর্স পরিচালনা করতে পারবে। শিশু বা মাতৃস্বাস্থ্য সংক্রান্ত সার্টিফিকেট বা প্রশিক্ষণ পরিচালনা করতে পারবে বলে খসড়া আইনে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রস্তাবিত আইনে একটা কমিটি ও পরিচালনা বোর্ড থাকবে আরও ১০০টি সিট বাড়ানো হবে। ইনস্টিটিউট বোর্ডের মাধ্যমে পরিচালিত হবে।

ইলেক্ট্রনিক ব্যাংকিং ব্যবস্থাপনায় নতুন আইন আসছে : ইলেক্ট্রনিক মাধ্যমে ব্যাংকিং পরিচালনা, লেনদেন ও ব্যবস্থাপনায় নতুন একটি আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতদিন পেমেন্ট সিস্টেম নিয়ে আলাদা কোনো আইন ছিল না। ইলেক্ট্রনিক মাধ্যমে টাকা-পয়সা বা ঋণ পরিশোধের ক্ষেত্রে আইন না থাকায় এবং পরিশোধ ব্যবস্থায় বিভিন্ন ইলেক্ট্রনিক লেনদেন চালু থাকায় সংশ্লিষ্ট ব্যবস্থার রুলস পরিচালনার জন্য চুক্তির ভিত্তিতে কাজ করতে হতো। সেজন্য কন্ট্রাক্ট ল’ থেকে বের করে নিয়ে এসে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট আইন করা হচ্ছে।

নতুন আইন করার যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশ্বায়নের যুগে দ্রুতগতিতে ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থার উন্নতির ফলে আইসিটিভিত্তিক ব্যাংকিং এখন অপরিহার্য হয়ে পড়েছে। ইলেক্ট্রনিক মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থাপনা, পরিচালনা ও লেনদেন হচ্ছে। এজন্য পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট আইন প্রণয়ন করা খুবই প্রয়োজন হয়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংক নিজে বা কোনো কর্তৃপক্ষ দিয়ে আন্তঃব্যাংক ইলেক্ট্রনিক লেনদেন ব্যবস্থা পরিচালনা করতে পারবে। বর্তমান প্রেক্ষাপটে ইলেক্ট্রনিক লেনদেন বিস্তারের ফলে গ্রাহক স্বার্থ সংরক্ষণ জরুরি হয়ে পড়েছে। ব্যাংকের পাশাপাশি অব্যাংক পরিশোধ সেবাকারীদের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে আনার জন্য আইনি কাঠামোর প্রয়োজন দেখা দিয়েছে। শুধুমাত্র কন্ট্রাক্ট আইন দিয়ে কাভার করা যাচ্ছিল না সব, এজন্য একটি স্পেশাল আইন করা হচ্ছে।

এছাড়া সরকারি ঋণ ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি), ইনভেস্টর ফাইন্যান্সিং, জি-টু-জি (সরকার টু সরকার) ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে ‘সরকারি ঋণ আইন, ২০২১’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২১’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য গত বছরের ২১ ডিসেম্বর এ-সংক্রান্ত আইনের নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

মন্ত্রিসভা বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় আসন্ন রোজায় ছোলা, ডাল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর সরবরাহের বিষয়টি তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত