সিরাজগঞ্জের শাহজাদপুরে ইটভাটার মাটিবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী আমজাদ হোসেন (৩৫) নিহত হয়েছেন।
উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি কবরস্থানের পাশে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আমজাদ হোসেন গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
এ বিষয়ে এলাকাবাসী জানায়, চরনবীপুর গ্রাম থেকে আমজাদ ও তার মা অটোভ্যানে করে তালগাছির একটি এনজিও থেকে ঋণ তুলতে যাচ্ছিলেন।
অটোভ্যানটি তালগাছি কবরস্থানের কাছে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা মাটিবাহী ট্রাকটি অটোভ্যানটিকে ধাক্কা দেয়।
এতে ভ্যানযাত্রী আমজাদ হোসেন ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কে ছিটকে পড়ে যায়। এতে তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনার পর ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়। তারা আরও জানান, এ সময় ওই ট্রাকের কোনো বৈধ কাগজপত্র ও ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ছিল না। তবে ট্রাকটি কোন ইটভাটার তা কেউ তাৎক্ষণিকভাবে বলতে পারেননি।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. শাহজাহান আলী জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
