রুমানা আহমেদের ব্যাটিং ও রিতু মনির অলরাউন্ড নৈপুণ্যে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে নারী ক্রিকেটের ফাইনালে উঠল বাংলাদেশ সবুজ দল।
বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সবুজ দল ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ লাল দলকে।
প্রথম দল হিসেবে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ নীল দল। লাল দলকে ১০ উইকেটে ও সবুজ দলকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পায় নীল দল।
বাংলাদেশ নীল দলের কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় লাল ও সবুজ দলের জন্য এদিনের ম্যাচটি ছিল অঘোষিত সেমিফাইনাল।
ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথমে ব্যাট করে বড় স্কোর করতে পারেনি লাল দল। ৫০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রান করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন শারমিন সুপ্তা। ১৪০ বল খেলে ৪টি চারে সাজান নিজের ইনিংস। এ ছাড়া অর্থি ২২ ও ঝিলিক ১৮ রান করেন।
সবুজ দলের পক্ষে ২টি করে উইকেট নেন সানজিদা, দিশা ও রিতু।
জবাবে রুমানা, রিতুর ফিফটিতে ১৬ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সবুজ দল।
যদিও শুরুটা ভালো হয়নি তাদের। ৩৯ রানে ৪ উইকেট হারায় তারা। এরপর পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১২০ রানের জুটি গড়েন রুমানা ও রিতু।
১৪৮ বল খেলে ৯ চারে অপরাজিত ৮০ রান করেন রুমানা। ২০ রানে তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে এসেছিলেন তিনি। ৮০ বল মোকাবিলা করে পাঁচটি চারে অপরাজিত ৫১ রান করেন রিতু।
লাল দলের পক্ষে লতা মণ্ডল ২টি, পূজা ও নাহিদা ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন সবুজ দলের রিতু।
১২ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
