সমুদ্রগামী দুই জাহাজের উদ্বোধন করলেন নৌ প্রতিমন্ত্রী

আপডেট : ১০ মার্চ ২০২১, ১০:২৪ পিএম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুইটি আল্ট্রাম্যাক্স বাল্ক ক্যারিয়ার উদ্বোধন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার নৌপরিবহন প্রতিমন্ত্রী এমভি মেঘনা প্রিন্সেস ও এমভি মেঘনা অ্যাডভেঞ্চার নামের এই দুইটি সমুদ্রগামী জাহাজের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালাল উদ্দিন এবং একাত্তর টিভির ব‍্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত স্বীকৃতি লাভ করেছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলছে। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসায় এটা সহজ হয়েছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।

প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি খাতে মাত্র ৬৩টি জাহাজ রয়েছে। আগামী ৫/১০ বছরে ৫০০/৬০০ সমুদ্রগামী জাহাজ হবে। বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে সরকারি খাতে ১৯ টি জাহাজ সংগ্রহ করেছিলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সুনীল সমুদ্র ব‍্যবসা বান্ধব। সমুদ্র সম্পদ বাংলাদেশের অর্থনীতিতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। ২০৪১ সালে উন্ন দেশে পরিণত হতে সমুদ্র সম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত