বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। আগামীকাল শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় তার সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। তার আগেই দীঘির বিরুদ্ধে এক কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেছেন এই ছবির প্রযোজক সিমি ইসলাম! একই সঙ্গে দীঘি, তার বাবা সুব্রত ও মামার নামে পৃথক আরেকটি মানহানির মামলা করেছেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। ছবির নির্মাতা ও প্রযোজক গতকাল দুপুরে মহানগর দায়রা জজ আদালতে এ মামলা করেন। এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘আমি এখনো মামলার বিষয়ে কিছু জানি না। এখন শ্যুটিংয়ে আছি।’
দীঘির সঙ্গে প্রযোজক-পরিচালকের দ্বন্দ্ব শুরু হয় ছবিটির পোস্টার ও ট্রেইলার প্রকাশের পর। সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সিনেমাটি। এরপর দীঘি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি নিজেই ছবির ট্রেইলার পছন্দ করিনি। দর্শককে দোষ দেব কীভাবে? যে আশা নিয়ে ছবিটি করেছিলাম সেটা একেবারেই পূরণ হয়নি।’ সাধারণত কোনো ছবি মুক্তির আগে সংশ্লিষ্ট কোনো শিল্পী এভাবে মন্তব্য করেন না। হয় তারা ছবির প্রচারণা করতে থাকেন, নয়ত একেবারে চুপ থাকেন। সেই প্রথা ভেঙে দীঘির মন্তব্য করার বিষয়টি ভালোভাবে নিতে পারেননি ছবির প্রযোজক, বিশেষ করে পরিচালক ঝন্টু। তিনি বলেন, ‘নায়িকা (দীঘি) সিনেমা নিয়ে কয়েকটি কথা বলেছে, যা শুনে আমি মর্মাহত হয়েছি। সে বলেছে, সিনেমাটি সুন্দর না। এর গল্পটি যেন কেমন। সিনেমাটি মনে হয় না ভালো যাবে। বলতে গেলে, সিনেমাটি ভালো না এই ধরনের একটা মন্তব্য করেছে। হঠাৎ করে সিনেমা মুক্তির দু’দিন আগে সে এমন কথা বলেছে, নিশ্চিত এখানে কিছু ঝামেলা আছে। এ বিষয়টি কী সে নিজে থেকেই বলেছে, নাকি তাকে দিয়ে কেউ বলিয়েছে, আমি বুঝতে পারছি না। ওর মতো ছোট্ট একটা মেয়ে এই সাহস পাবে না। আমি মনে করি, তার কথা শুনে অনেক দর্শক বিমুখ হয়ে যাবে। সিনেমার নায়িকাই যখন বলছে সিনেমাটি চলবে না। তাহলে দেখে কী করবে?’
সেই সাক্ষাৎকার প্রসঙ্গে দীঘি জানান, ছবিটি নিয়ে তিনি নেতিবাচক কিছু বলেননি। তিনি যা বলেছেন, সেটা কেটে ছোট ভিডিও আকারে প্রকাশ পেয়েছে বলে ভুল বোঝাবুঝি ও বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলেন, ‘আমি ঝন্টু আঙ্কেলকে সম্মান করি। শুনেছি তিনি মামলা করেছেন। কিন্তু আমি মনে করি, পুরো ভিডিও দেখলে কারও সন্দেহ থাকবে না। আমার নামে যে অভিযোগ আনা হয়েছে, সেটার জন্য আমি দায়ী নই। তারপরও যদি ঝন্টু আঙ্কেল কষ্ট পেয়ে থাকেন, আমি ছোট একজন হিসেবে তার মতো গুণী নির্মাতার কাছে দুঃখ প্রকাশ করছি।’
‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় দীঘির নায়ক আসিফ ইমরোজ। সিনেমাটি প্রযোজনা করেছেন সিমি ইসলাম কলি।
