১৪ দিনের আইসোলেশন শেষে স্বাভাবিক জীবনে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চ থেকে গতকাল কুইন্সটাউনে পৌঁছেছে পুরো দল। সেখানেই আজ থেকে শুরু পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প। এই ক্যাম্পে যোগ দেবেন দলের স্পিন কোচ, সাবেক কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। ১৬ মার্চ নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচও খেলবে বাংলাদেশ।
কুইন্সটাউনে গতকাল হোটেলে ওঠার সময় বিসিবির তোলা ভিডিও ফুটেজে স্বাভাবিক জীবনে ফেরার আনন্দে ফুরফুরে মেজাজেই দেখা গেছে ক্রিকেটারদের। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও জানালেন প্রথমবার কঠিন আইসোলেশন অনুভূতি কঠিন ছিল। কিন্তু এখন বিদেশে করোনার সময়ে মুক্ত জীবনের অনুভূতি আরও মধুর। পাশাপাশি এই সময়ে নিউজিল্যান্ড ক্রিকেট ও সরকারের দেওয়া সব সুযোগ-সুবিধা ও দেখভালের কারণে তাদের ধন্যবাদও জানিয়েছেন তামিম ইকবাল।
কুইন্সটাউনে এবার পুরোদমে অনুশীলন করবে বাংলাদেশ। পাশাপাশি মাঠ ও ক্রিকেটীয় ব্যস্ততার বাইরের সময়টা নিজেদের মতো করে কাটাতে পারবেন ক্রিকেটাররা। করোনার সময়ে কোথাও ক্রিকেটারদের হোটেলের বাইরে যাওয়ার সুযোগ নেই। অস্ট্রেলিয়া সফরে হোটেল থেকে বেরিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়ে নিয়মভঙ্গের গেরোয় পড়েছিলেন রোহিত শর্মা-ঋষভ পান্তরা। কিন্তু তামিম-মুশফিকরা এখন থেকে চাইলেও রেস্টুরেন্টে খেতে পারবেন। কুইন্সটাউনের বিমান ধরায় নিউজিল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ জানিয়ে তামিম ইকবাল বলেন, ‘এবারের কোয়ারেন্টাইনটা আমাদের জন্য প্রথম। আমরা আগেও বায়ো বাবলে ছিলাম কিন্তু এমন কঠোর নিয়ম কখনই মানতে হয়নি। শুরুতে খারাপ লাগলেও পরে দারুণ লেগেছে। কারণ এখানে যারা ছিলেন, তারা আমাদের খুবই ভালো দেখাশোনা করেছেন। নিউজিল্যান্ড ক্রিকেট সেভাবে সব দেখাশোনা করেছে, আমরা শুধু ধন্যবাদ দিতে পারি। এই প্রক্রিয়াটা সহজ নয়। কিন্তু ওরা যতটা সহজ করা যায় তা করেছে।’
দুই বছর আগে ক্রাইস্টচার্চে বন্দুকধারীর হামলার কবলে পড়া বাংলাদেশ দলের সদস্য ছিলেন তামিম। স্মৃতিচারণ করতে গিয়ে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেনের প্রশংসা করলেন, ‘আমাদের সবার জন্যই ওটা কঠিন সময় ছিল, বিশেষ করে যারা পরিবারের সদস্যদের হারিয়েছেন। ঘটনাটি অবশ্যই দুঃখজনক কিন্তু আমাদের সামনে তাকাতে হয়েছে। আমার অবশ্যই নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর কথা বলা উচিত। যেভাবে তিনি ওই সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তা সব বাংলাদেশির জন্যই স্বস্তির ছিল। আমি তার সঙ্গে দেখা করার সুযোগ পেলে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাব।’
তামিম চার-পাঁচবার নিউজিল্যান্ড সফর করেছেন। সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য কোনোবারই ৪৫ দিন থাকতে হয়নি তাকে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্বাভাবিক সময়ে ২০-২২ দিনেই হয়ে যেত। বাড়তি সময় সফরে থাকা কষ্টকর হলেও নিউ নরমালের কারণে তা মেনে নিচ্ছেন তামিম ইকবাল। তবে স্বস্তি প্রকাশ করলেন এর মধ্যেও স্বাভাবিক জীবনে ফিরতে পেরে। আজ থেকে পুরনো দিনগুলোর মতো অনুশীলন ও সময় কাটানো উপভোগ করবেন তামিম, ‘ভালো দিক হচ্ছে আমরা বাইরে বের হয়েছি। এখন গত দুই সপ্তাহর মতো নয়। এখন আমরা চাইলেও বের হতে পারব। তবে বড় বিষয় হলো আবার স্বাভাবিক অনুশীলনে ফিরছি। কুইন্সটাউনের ক্যাম্পে আমরা পুরোদমে একদল হয়ে অনুশীলন করব। অনুশীলন ম্যাচও খেলব। এ ছাড়া ভেট্টোরিও কুইন্সটাউনে আমাদের জন্য অপেক্ষা করছে। সব মিলিয়ে এখন সময়টা বেশ ভালো যাবে।’
