আবুধাবির প্রথম টেস্টের প্রথম দিন থেকেই সব বিভাগে হেরেছিল আফগানিস্তান। আবুধাবির একই মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল শুরু দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দেখা গেল উল্টোচিত্র। কী অসাধারণভাবেই না ঘুরে দাঁড়িয়েছেন আসগর আফগান আর হাসমতউল্লাহ শাহিদিরা। একজন সেঞ্চুরি পেয়েছেন। অন্যজন সেঞ্চুরির অপেক্ষায়। দুজনের অবিচ্ছিন্ন জুটির কল্যাণে প্রথম দিন শেষে ৩ উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০৭ রান করেছে আফগানিস্তান।
প্রথম টেস্ট শেষ হয়েছিল মাত্র দুই দিনে। তাতে উইকেটের মদদ ছিল। পেসার এবং স্পিনাররা সাহায্য পেয়েছিলেন। অথচ একই মাঠে গতকালের উইকেট ছিল একেবারেই ফ্ল্যাট। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক আসগর আফগান। ওপেনার জাভেদ আহমেদ মাত্র ৪ রান করে আউট হন। তবে অন্য ওপেনার ইব্রাহিম জাদরান দারুণ খেলছিলেন। দ্বিতীয় উইকেটে তিনি রহমত শাহকে নিয়ে ৫০ রান যোগ করেন। ২৩ করে রান আউট হন শাহ। এরপর নামেন শাহিদি। তৃতীয় উইকেটে ৬৫ রানের জুটি হয়। দারুণ খেলতে থাকা জাদরান ৭২ করে প্যাভিলিয়নে ফেরেন। এটা তার চার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি। প্রথম দিনে জিম্বাবুয়ে বোলারদের শেষ সাফল্য জাদরান। পরের ৪৮ ওভার নির্বিঘ্নে কাটিয়ে ১৮৬ রান জুড়েছেন দুজনে (প্রতি ওভারে রান ৩.৮৬)। এটা আফগানিস্তানের ছয় টেস্টের ইতিহাসে যে কোনো উইকেটে সেরা জুটির রেকর্ড। এই রেকর্ড গড়ার পথেই ভিক্টোর নায়োচির বলে পর পর দুটি বাউন্ডারি মেরে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন আসগর আফগান। দেশের পক্ষে এটা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে আফগানিস্তানের পক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন রহমত শাহ।
