দেশের বিভিন্ন অঞ্চলে পর্যবেক্ষণ করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। অন্যদিকে প্রধানমন্ত্রীর নামে অনুমোদিত প্রতিষ্ঠানের কাজগুলো বাস্তবায়নের প্রতি অধিক গুরুত্ব দেওয়ার অনুরোধ করা হয়েছে। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অষ্টম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে আরও বলা হয়, ইতিমধ্যে যেসব প্রকল্প অনুমোদন পেয়েছে, সেগুলো দ্রুতগতিতে সমাপ্ত করা ও অবকাঠামো নির্মাণকাজগুলো যথাযথভাবে মনিটরিং করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে।
দেশে করোনাকালে বিপুল অর্থ বরাদ্দ করায় বিজেএমসির কার্যক্রম সচল ও সঠিক রয়েছে মর্মে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিজেএমসির কৃতিত্বপূর্ণ কাজ ও মন্ত্রণালয়ের সুযোগ্য দিকনির্দেশনার জন্য কমিটি কর্র্তৃক সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
বিভিন্ন টেক্সটাইল মিল পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় পরিচালনার সুপারিশ করা হয়েছে। বিজেএমসির শ্রমিকদের পাওনা যথাসময়ে পরিশোধ করার সিদ্ধান্ত বাস্তবায়ন ও অপরিশোধিত সঞ্চয়পত্রসহ অন্যান্য পাওনা পরিশোধের কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। দেশে অধিকতর পাট উৎপাদনের জন্য পাট অধিদপ্তর হতে উন্নতমানের বীজ সরবরাহের সুবিধার্থে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় সাধনের সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মির্জা আজমের সভাপতিত্বে কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মোয়াজ্জেম হোসেন রতন, রণজিত কুমার রায়, মো. নজরুল ইসলাম চৌধুরী, শাহীন আক্তার, আব্দুল মমিন ম-ল, খাদিজাতুল আনোয়ার, তামান্না নুসরাত (বুবলী) ও মোহাম্মদ হাবিব হাসান অংশ নেন।
