টোকিও অলিম্পিকের প্রতিযোগীদের চীনা ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত

আপডেট : ১২ মার্চ ২০২১, ০১:২৯ পিএম

জাপানের টোকিওতে অলিম্পিকের যে আসর বসতে যাচ্ছে, সেখানে সবাইকে চীনের করোনা ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইওসি।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বলছে, এ জন্য তারা চীনের অলিম্পিক কমিটির সঙ্গে একটি চুক্তি করেছে।

তবে শুধু টোকিও অলিম্পিক নয়, ২০২২ সালে বেইজিংয়ে আয়োজিত শীতকালীন গেমসেও প্রতিযোগীদের চীনের করোনা ভ্যাকসিন দেওয়া হবে।

বৃহস্পতিবার চীন অলিম্পিক কমিটির কর্তাদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন আইওসি প্রধান টমাস বাখ। সেখানে করোনা ভ্যাকসিনের প্রসঙ্গ ওঠে।

চীন অলিম্পিক কমিটির কর্তারা বলেন, অ্যাথলেটদের করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে তারা সব রকমের সাহায্য করবে।

বৈঠক শেষে বাখ বলেন, ‘চীন অলিম্পিক কমিটির কর্তারা আমাদের আশ্বস্ত করেছে টোকিও অলিম্পিকে অংশ নিতে চলা প্রতিটা অ্যাথলেটই করোনা ভ্যাকসিন পাবে। আইওসিকে এমন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় ধন্যবাদ দিতে চাই চীন অলিম্পিক কমিটিকে।’

করোনার জেরে গত বছর পিছিয়ে দেওয়া হয় অলিম্পিক। ঠিক হয় এ বছরের ২৩ জুলাই থেকে টোকিওয় শুরু হবে ক্রীড়াবিশ্বের অন্যতম ঐতিহাসিক ইভেন্ট। কিন্তু জাপানে করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। তার ওপর আবার টোকিওয় দেখা দিয়েছে করোনার নতুন স্ট্রেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত