চট্টগ্রামে বাড়ছে সংক্রমণ

আপডেট : ১৩ মার্চ ২০২১, ০৩:৫৯ এএম

চট্টগ্রামে ফের করোনা রোগীর সংখ্যা বাড়ছে। সর্বশেষ গত বুধবার এক দিনেই করোনা শনাক্ত হয় ১৩২ জনের। সেদিন পর্যন্ত চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ৩৬ হাজার ৪৭ জন। স্বাস্থ্যবিধি না মানা এবং পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান বাড়তে থাকায় আবারও করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। সিভিল সার্জন জানিয়েছেন, স্বাস্থ্যবিধি উপেক্ষার পাশাপাশি করোনা আক্রান্ত ব্যক্তি আইসোলেশনে না থাকায় একই পরিবারের একাধিক সদস্য আক্রান্ত হওয়ায় সংক্রমণ ফের বাড়ছে। এ পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে প্রশাসনকে জনস্বাস্থ্য রক্ষায় কঠোর হতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রামে শনাক্ত হওয়া ৩৬ হাজার ৪৭ জন করোনা রোগীর মধ্যে নগরীর ২৮ হাজার ৩৮৮ এবং উপজেলার ৭ হাজার ৬৫৯ জন রয়েছে। এর মধ্যে সর্বশেষ গত বুধবার ১ হাজার ৭০২টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হওয়া ১৩২ জনের মধ্যে নগরীর ১১৬ জন, বাকিরা উপজেলার বাসিন্দা। এর আগে গত ৯ মার্চ করোনা শনাক্ত হয় ১২৭ জনের।

সংক্রমণ বাড়ায় উদ্বেগ প্রকাশ করে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি দেশ রূপান্তরকে বলেন, ‘সংক্রমণের সংখ্যা বেশি। স্বাস্থ্যবিধি না মানার প্রবণতার কারণে করোনা রোগী বাড়ছে। এছাড়া কভিড পজিটিভ রোগী আইসোলেশনে না থাকায় একই পরিবারের একাধিক সদস্য আক্রান্ত হচ্ছে। এ হারটা বর্তমানে বেশি। পাশাপাশি করোনার টিকা নেওয়ার পর বেশিরভাগ ফ্রি স্টাইলে চলাফেরা করছে। মানুষের মধ্যে আগে স্বাস্থ্যবিধি কিংবা মাস্ক ব্যবহারের অভ্যাসটা ছিল, কিন্তু টিকা দেওয়ার পর তা উবে গেছে।’

সর্বশেষ গত বুধবার চট্টগ্রাম জেলায় শনাক্তের হার বেড়ে হয়েছে ৮ শতাংশ। এর আগে ৯ মার্চ ছিল ৬ দশমিক ৪৫ শতাংশ ও ৮ মার্চ ছিল ৭ শতাংশ। অথচ ১ ফেব্রুয়ারি শনাক্তের হার ছিল ২ দশমিক ৪৪ শতাংশ।

এখন পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ২১৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রাম জেলায়। এর মধ্যে করোনা পজিটিভ ৩৬ হাজার ৪৭ জন। ২০২০ সালের ২ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয় নগরীর দামপাড়ায়। চট্টগ্রামে এ পর্যন্ত পুরুষ আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৯২৯ এবং নারী ১১ হাজার ১১৮ জন। জেলায় গত ১০ মার্চ পর্যন্ত আক্রান্তের ৭৯ শতাংশ নগরীর এবং উপজেলার ২১ দশমিক ২৪ শতাংশ।

চট্টগ্রামে বেশি করোনায় আক্রান্ত হয়েছে ৩১-৪০ বছর বয়সীরা। তারা মোট আক্রান্তের ২৪ শতাংশ। এদের মধ্যে নারী ২ হাজার ২২৯ এবং পুরুষ ৬ হাজার ৩৫১ জন। ২১-৩০ বয়সী পুরুষ আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯৭৩ ও নারী ২ হাজার ১৮১ জন। ৪১-৫০ বছর বয়সী আক্রান্ত হয়েছে ৬ হাজার ৮৩০ জন। ৫১-৬০ বছর বয়সী ৫ হাজার ৫০৮ জন নারী-পুরুষ সংক্রমণের শিকার হয়েছে। যা মোট সংক্রমিতের ১৫ দশমিক ২৮ শতাংশ। ৬০ বছর থেকে তার ঊর্ধ্বে করোনা আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬২৯ জন। আর ০-১০ বছরের শিশু আক্রান্ত হয়েছে ৮৭৫ জন।

জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব ডা. সুশান্ত বড়–য়া দেশ রূপান্তরকে বলেন, ‘বর্তমানে কেউই আর সামাজিক দূরত্ব মানছে না, হাত ধোয়া ও মাস্ক পরিধানে অনীহা দেখা যাচ্ছে। ব্যক্তিগত সুরক্ষা না বাড়ালে সংক্রমণ কমবে না।’ তিনি আরও বলেন, ‘সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা। প্রশাসনের উচিত কঠোর হওয়া। তা না হলে সংক্রমণ আরও বাড়তে পারে।’

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ৩৭৮ জন করোনাভাইরাসে মারা গেছে। এর মধ্যে নগরীতে ২৭৭ এবং উপজেলায় ১০১ জন। শতকরা হিসেবে মৃত্যুর হার ১ দশমিক ৪ শতাংশ।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘আমরা কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে জানিয়েছি। করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসন আগের চেয়ে আরও বেশি মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছে। এছাড়া কমিউনিটি সেন্টারে অতিথির সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য সুপারিশ করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত