চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ, সদ্য বদলি সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাছানসহ ১৪ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার পটিয়ার সিনিয়র সহকারী জজ-১ আদালতে মামলাটি করেন নাজমুন নাহার নামে এক নারী।
বাদীর আইনজীবী দীপক কুমার শীল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, একটি নলকূপের পানির সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় গত বছরের নভেম্বরে এসিল্যান্ডসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। মামলায় আদালত স্থায়ী নিষেধাজ্ঞা দেয়। এরপর গত ২ মার্চ পটিয়ায় আদালতের সেরেস্তা সহকারী মোহাম্মদ কবির আহমদকে ভূমি অফিস সংলগ্ন ম্যাজিস্ট্রেট কলোনি থেকে উচ্ছেদ করা হয়। পরে আদালতের আদেশে তাকে ফের সেখানে বহাল করা হয়। তবে উচ্ছেদের সময় মালামাল নষ্ট, চুরি ও আদালতের আদেশ অমান্য করার অভিযোগে সেরেস্তা সহকারীর স্ত্রী এ মামলাটি করলেন।
ইউএনও ফয়সাল আহমেদ বলেন, ‘২০১৯ সালের ঘটনায় আমাকে কেন জড়ানো হলো, তা জানি না। কারণ তখন আমি পটিয়ায় দায়িত্বে ছিলাম না। মামলার কাগজপত্র পেলে ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেব।’
