গরমে ত্বকের সাধারণ সমস্যা

আপডেট : ১৩ মার্চ ২০২১, ০৬:২২ এএম

গরমে ত্বকের র‌্যাশ, অ্যাকনে, লালচেভাব হতে পারে। এসব সমস্যা হলে বুঝতে হবে ত্বকের অবস্থা নাজুক। তাই ত্বকের যতেœর জন্য আপনাকে আরও যত্নশীল হতে হবে। লিখেছেন তাসলিমা নীলু

নাজুক ত্বক

গরমে সবচেয়ে খারাপ অবস্থা হয় তৈলাক্ত ত্বকের। তৈলাক্ত ত্বক ফেসওয়াশে ধুয়ে নেওয়ার কিছুক্ষণ পর আবার তৈলাক্ত হয়ে যায়। এ ছাড়া নাকের দুপাশ, থুতনি বা গালে কোনো ধরনের লালচেভাব, ঘাম হলে জ্বালাভাব কিংবা ত্বকে হঠাৎই অ্যাকনের সমস্যা বেড়ে গেলে দেখলে ধরে নিতে পারেন ত্বকের অবস্থা নাজুক। তবে হঠাৎ ব্রণ দেখা দেওয়ার জন্য হরমোনের ইমব্যালেন্সও দায়ী হতে পারে। মুখের নির্দিষ্ট কোনো অংশে ইচিং হওয়া বা ঘামাচির মতো ছোট ছোট র‌্যাশ বের হলেও বুঝতে হবে ত্বকের বিশেষ যত্ন প্রয়োজন। এ ধরনের সমস্যা সাধারণত আবহাওয়া, প্রসাধনী বা শারীরিক সমস্যার কারণে হতে পারে।

ত্বক ভালো রাখতে

গরমের সময় তৈলাক্ত ত্বকে ওয়াটারবেসজড ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বক ঠান্ডা রাখতে পানির বিকল্প নেই। দিনে বেশ কয়েকবার মুখে পানির ঝাপটা দিন। ত্বকে ঘাম জমতে দেবেন না। ঘামে থাকা জীবাণুই জন্ম দেয় র‌্যাশ, অ্যাকনের মতো নানা সমস্যা। ত্বক ঘামতে শুরু করলেই পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার পর পানি না মুছে মুখেই শুকাতে দিন। মনে রাখবেন পানি ইরিটেটেড ত্বকে সতেজতা ফিরিয়ে আনে। আর গরম পানি বা স্টিম র‌্যাশযুক্ত ত্বকের জন্য ক্ষতিকর। স্বাভাবিক ত্বক যাদের তারা বরফঠান্ডা পানি থেকে দূরে থাকুন। নিয়মিত অতিরিক্ত ঠান্ডা পানি ব্যবহার করলে ত্বকের শুষ্কতা বেড়ে যেতে পারে। মুখ ধোয়ার জন্য সাধারণ তাপমাত্রার পানিই আদর্শ। 

গরমের সময়টায় ত্বক পরিষ্কার করে প্রথমে ব্যবহার করুন টোনার। টোনার ত্বক ঠান্ডা এবং সতেজ রাখবে। এমন এজেন্টযুক্ত টোনার ব্যবহার করা ভালো। অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রোপার্টি রয়েছে, এমন টোনার কেনার চেষ্টা করুন। টোনার ত্বকে ভালোভাবে অ্যাবসর্ব হয়ে গেলে ময়েশ্চারাইজার লাগান। কুলিং এফেক্ট দেবে এমন কোনো জেল বেসড প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। র‌্যাশ, লালচেভাব বা ইরিটেশনের সমস্যার অন্যতম প্রধান কারণ ত্বকের আর্দ্রতা কমে যাওয়া। হাইড্রেশন লেভেল বজায় রাখতে ব্যবহার করতে পারেন শিটমাস্ক।

অ্যাকনের সমস্যা থাকলে, ব্যবহার করুন চন্দনগুঁড়ো এবং অ্যালোভেরার মিশ্রণ। রাতে ঘুমাতে যাওয়ার আগে অ্যাকনের ওপর পুরু করে প্রলেপ দিয়ে ঘুমোতে যান। সকালে দেখবেন লালচে বা ফোলাভাব কমে যাবে। এটা সপ্তাহে অন্তত তিন দিন করুন। বাইরের রোদ থেকে ফিরে মুখে এক টুকরো বরফ একটা সুতির কাপড়ে পেঁচিয়ে নিয়ে চেপে চেপে ব্যবহার করতে পারেন। এতেও র‌্যাশের সমস্যা কমবে। ত্বক ঠান্ডা থাকবে।

ঘরোয়া ফেসমাস্ক তৈরি করুন ‘ন্যাচারাল কুলার’ হিসেবে পরিচিত উপকরণ দিয়ে। তা হতে পারে শসা, আলুর রস ইত্যাদি। মাস্কের বেস হিসেবে ব্যবহার করুন বেসন বা মুলতানি মাটি। সঙ্গে ব্যবহার করতে পারেন মধু, হলুদ বা নিমের গুঁড়োর মতো অ্যান্টিসেপ্টিক উপাদান। একসঙ্গে মিশিয়ে আধঘণ্টা মুখে লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত