চলচ্চিত্র জগতে পা রাখার পর থেকেই ট্রলের শিকার হয়ে আসছেন নায়ক-প্রযোজক অনন্ত জলিল। বিগ বাজেটের ভালো মানের সিনেমা উপহার দেওয়ার পরও অনন্ত জলিলের পিছু ছাড়ছে না সমালোচনা। সেই ধারাবাহিকতায় আবারও ট্রলের শিকার হলেন তিনি। মূলত তার মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দিন –দ্য ডে’র মোশন পোস্টার প্রকাশ করার পর থেকেই আবারো নেটিজেনরা ট্রল করছেন তাকে নিয়ে।
ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন—দ্য ডে’ ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন অনন্ত। ১১ মার্চ ফেসবুকে ছবির একটি মোশন পোস্টার প্রকাশ করেছেন অনন্ত। সেটি প্রকাশের পর একাধারে ট্রোলের শিকার হচ্ছেন তিনি। মোশন পোস্টারের ভিএফএক্স দেখে অধিকাংশই বলছেন—এটি সিনেমা নয়, কার্টুন দৃশ্য। সেই সঙ্গে ছবির একশ কোটি টাকা বাজেটের দাবি করাটাকেও মিথ্যা বলছেন তারা। এসময় অনেকে হতাশও প্রকাশ করেছেন।
‘দিন—দ্য ডে’ পরিচালনা করেছেন ইরানের মুর্তজা অতাশ জমজম। অনন্তের সঙ্গে জুটি হিসেবে রয়েছে বর্ষা। এছাড়া নবাগত নায়ক হিসেবে অভিনয় করেছেন সুমন ফারুক। ইরান ও লেবাননের অভিনয়শিল্পীরাও অভিনয় করেছেন সিনেমাটিতে।
