গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেছেন, নগরজুড়ে প্রায় ৩০ হাজার কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে।
নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে সব ধরনের উন্নয়নকাজ দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শনিবার বিকেলে গাজীপুর মহানগরীর পোড়াবাড়ি বাসস্ট্যান্ডে পোড়াবাড়ি বাজার হতে হাতিয়াব, চত্বর হয়ে বনখরিয়া গাজীপুর সিটি করপোরেশনের শেষ সীমানা পর্যন্ত কার্পেটিং রাস্তার উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সিটি মেয়র এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষ যাতে বেকার না থাকে, শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে জন্য নগর এলাকায় গুণগত মানসম্পন্ন স্কুল ও কেউ যেন কর্মহীন না থাকে সে জন্য ইপিজেড নির্মাণ করা হবে।
জাহাঙ্গীর আলম বলেন, নগরীতে বিশেষ স্কুল হিসেবে ১০টি স্কুল প্রতিষ্ঠা করা হবে। জাপান ও তুরস্ক সরকারের সহযোগিতায় এ স্কুলগুলো পরিচালিত হবে। প্রতিটি স্কুলে ১০হাজার শিক্ষার্থী লেখাপড়া করবে।
তিনি জানান, স্কুলগুলোতে খেলাধুলার জন্য বড় পরিসরে মাঠ থাকবে। কোনো শিক্ষার্থী যেন বিপথগামী না হয় সে জন্য প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ স্থাপন করা হবে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাওলানা মনজুর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. খালেকুজ্জামান, আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম, শহিদুল ইসলাম মাস্টার ও অধ্যক্ষ বিল্লাল হোসেন বক্তব্য রাখেন।
