শচিনের পর চার-ছক্কায় মাঠ মাতালেন যুবরাজ

আপডেট : ১৩ মার্চ ২০২১, ১১:৫৫ পিএম

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে প্রথম ফিফটির দেখা পেলেন শচিন টেন্ডুলকার। আফ্রিকা লিজেন্ডসের বিপক্ষে পুরোনো রূপে হাজির হলে মাস্টার ব্লাস্টার, করলেন ঝোড়ো ফিফটি। এরপর চার-ছক্কায় মাত করলেন ‍যুবরাজ সিং। সুবাদে ভারত লিজেন্ডস পেল বড় স্কোর। যা তাড়া করতে ব্যর্থ জন্টি রোডসের দল। বড় জয় পেল শচিনরা।

শনিবার ভারতের রায়পুরে ৫৬ রানে ম্যাচ জিতে নিয়েছে ভারত লিজেন্ডস। টস হেরে আগে ব্যাট করতে নেমে ভারতীয় দল ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৪ রান তোলে। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস থেমেছে ৭ উইকেটে ১৪৮ রানে।

ভারতের পক্ষে ওপেনার বিরেন্দ্রর শেবাগ (৮ বলে ৬) ছিলেন ব্যর্থ। তবে আরেক ওপেনার শচিন খেলতে থাকেন দারুণ। ৭ চার ও ১ ছক্কায় ৩০ বলে ফিফটি পূরণ করে ফেলেন। শেষ পর্যন্ত ৩৭ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬০ রান করেন তিনি।

তিন নম্বরে নামা বদ্রিনাথ ৪ চার ও ২ ছক্কার ৩৪ বলে ৪২ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। চারে নামা যুবরাজ সিং খেলেন শেষ পর্যন্ত। টানা চার বলে হাঁকান চার ছক্কা। ২১ বলে পূরণ করেন ফিফটি। শেষ পর্যন্ত ২২ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তিনি।

১৮তম ওভারে ডি ব্রইনের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে পরপর চারটি ছক্কা হাঁকান যুবরাজ। ইউসুফ পাঠান ২টি চার ও ছক্কার ১০ বলে ২৩ রান করেন। মনপ্রিত গনি ৯ বলে ১৬ রানে অপরাজিত ছিলেন।

জবাবে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ভালো শুরু পেলেও অন্যরা দলকে টেনে নিতে পারেননি। অ্যান্ডু পুটিক ৩৫ বলে ৪১ ও আরেক ওপেনার মরনে ফর উইক ৩৫ বলে ৪৮ রান করেন।

এই দুজন ১০.৪ ওভারে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৮৭ রান। তবে দুজনের বিদায়ের পর প্রোটিয়ারা আর সেভাবে এগোতে পারেনি।

ভারতের পক্ষে ইউসুফ পাঠান সর্বাধিক ৩ উইকেট নেন। যুবরাজ সিং নেন ২ উইকেট। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরাও হয়েছেন যুবরাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত