লক্ষ্মীপুর-২ (রায়পুর ও লক্ষ্মীপুর সদরের আংশিক) আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ফৌজদারি অপরাধে দ-িত হয়ে এমপি পদ হারানো কাজী শহিদ ইসলাম পাপুলের আসনে নৌকার টিকিট পেয়েছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।
গতকাল শনিবার দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রথম দফায় অনুষ্ঠিত ৩৭১ ইউনিয়নের মধ্যে ৩০০টি ইউনিয়নের মনোনয়ন চূড়ান্ত করা হয় মনোনয়ন বোর্ডে। বাকি ৭১টি সোমবারের সভায় করা হবে।
নুরউদ্দিন চৌধুরী নয়নের মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে গতকাল সন্ধ্যায় রায়পুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল করেন।
এদিকে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আসনটিতে ভোট হবে ইভিএমে। এ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১৮ মার্চ, যাছাই-বাছাই ১৯ মার্চ এবং প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ।
নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে কুয়েতের আদালতে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সদস্য (এমপি) পদ বাতিল করা হয়। ওই আসন শূন্য ঘোষণা করে গত ২২ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়।
এই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদন করেন ২০ নেতা। এদিকে কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, নির্বাচনের পরিবেশ না থাকায় উক্ত আসন থেকে বিএনপির কোনো নেতা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। আগে রাতে ভোট হতো, এখন দিনের আলোতে ভোট হয়। ভোটারদের বাধ্য করা হয় নৌকায় ভোট দিতে।
