মন্ত্রীর টিকা নেওয়ার ভান সাংবাদিকদের অনুরোধে

আপডেট : ১৪ মার্চ ২০২১, ০৭:০১ এএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের টিকা নেওয়ার অভিনয়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটি ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা। তবে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রথমে টিকা নেওয়ার পর সাংবাদিকদের অনুরোধেই তিনি দ্বিতীয়বার টিকা নেওয়ার অভিনয় করেছিলেন। একই কথা বলেছেন টিকা নেওয়ার অভিনয়ের দৃশ্য ধারণ করা দুই গত ১৭ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সচিবালয় ক্লিনিক ভবনে করোনার টিকা নেন। সাংবাদিকরা সে সময় ছবি ও ভিডিও সংগ্রহ করেন। তবে টিকা দেওয়ার কক্ষে স্থান সংকুলান না হওয়ায় উপস্থিত সাংবাদিকরা কেউ কেউ ছবি ও ভিডিও ফুটেজ নিতে পারেননি। পরে ক্যামেরা পারসনরা অনুরোধ করলে মন্ত্রী টিকা নেওয়ার পর তাদের ছবি ও ভিডিও নেওয়ার সুযোগ দিতে অভিনয় করেন।

ছড়িয়ে পড়া ১ মিনিট ৩৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মন্ত্রী একটি টিকা নেওয়ার কক্ষে গিয়ে বসেছেন, দুজন নার্স তাকে টিকা দিচ্ছেন। কিন্তু টিকা দেওয়ার মতো অভিনয় করা হলেও, তার শরীরে কোনো সুঁই ফোঁটানো হয়নি। এ সময় কয়েকজনকে পাশ থেকে নির্দেশনা দিতেও শোনা যায়। একজন ব্যক্তি নার্সকে বলেন, ‘আপা, সুঁইয়ের মাথাটা একটু খুলে নিন। একটু খুলে অভিনয় করেন, আমরা জাস্ট...আপনি ওই সিস্টেমে (টিকা দেওয়ার মতো করে) করেন। ...তুলাটা দিয়ে একটু ডলা দেন।’ সেবিকা একটি সিরিঞ্জ মন্ত্রীর বাম হাতের বাহুর ওপরে ধরে রাখেন। এ সময় কয়েকজন ব্যক্তিকে ক্যামেরা দিয়ে ছবি বা ভিডিও করতেও দেখা যায়।

এরপর সাংবাদিকদের কাছে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘মনেই হয়নি টিকা নিলাম, বুঝতেই পারিনি, কখন পুশ করেছে। পরে বলল যে পুশ করা শেষ হয়ে গেছে। আমি ঠিকমতো বুঝতেই পারিনি। কোনোরকম খারাপ কিছু বা ব্যথা পাওয়া, এ রকম কিছু হয়নি।’

এই ভিডিও কে করেছেন বা কার মাধ্যমে বা কীভাবে তা ছড়িয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। টিকা নেওয়ার অভিনয়ের বিষয়ে গতকাল শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেছেন, গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর সচিবালয় ক্লিনিকে আমি করোনাভাইরাসের টিকা নিয়েছি। টিকা নেওয়ার পর সচিবের সঙ্গে আমরা যখন বাইরের দিকে যাচ্ছি, ওই সময় একটি চ্যানেলের সাংবাদিক এসে বলেন, তারা ফুটেজ পাননি। ওই সাংবাদিকের অনুরোধেই আবার টিকা নেওয়ার ডেমো করতে হয়েছে। আমরা যেহেতু পাবলিকলি চলি, একটা লোক একটা অনুরোধ করলে সম্মান করে, বিশ্বাস করে (সেটা) রাখতে হয়। এখন আমার টিকা নেওয়ার তো রেকর্ড আছে, সমস্ত কিছুর ভিডিও করা আছে। কেউ সেটা নিয়ে ফ্রড করতে পারে, সেটা তো আমরা ভাবিনি।’

মন্ত্রী বলেন, ‘আমার ভ্যাকসিন নেওয়ার ফুটেজ বিটিভির কাছে রয়েছে। কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় যে আমি ভ্যাকসিন নিইনি, আমি ওই ফুটেজ দেখাতে পারব।’

টিকা নেওয়ার ডেমোর দৃশ্য ধারণ করা দুই সংবাদকর্মী দেশ রূপান্তরকে বলেছেন, তাদের অনুরোধেই মন্ত্রী টিকা নেওয়ার অভিনয় করেছিলেন। যারা এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়েছেন তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত