মুন্সীগঞ্জে সদরের মোল্লাকান্দিতে প্রতিপক্ষের ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। তার নাম জালাল বেপারী (৪৫)। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। গতকাল শনিবার দুপুরে আলুর ট্রলির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে নতুন আমঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মো. রাকিব (২০), সেকান্দার বেপারী (৬০), আরিফ বেপারী (৩০), সেলিম বেপারী (৩০) ও মো. স্বপন (৩৫)। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, জমি থেকে আলু উত্তোলন শেষে বাড়ি কিংবা কোল্ড স্টোরেজে নিতে ট্রলিতে বহন করে থাকে কৃষকরা। ওই ট্রলির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ফুফাতো ভাই জালাল বেপারী মামাতো ভাই দেলু বেপারীর দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে গতকাল সকালে জালাল ও দেলুর মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি শেষে যে যার বাড়িতে চলে যান। পরবর্তী সময়ে দুপুর ১টার দিকে মামাতো ভাই দেলু বেপারীর লোকজন ফুফাতো ভাই জালালের বাড়িতে হামলা চালায়। এ সময় মুহুর্মুহু ককটেল নিক্ষেপ করে প্রতিপক্ষ। এক পর্যায়ে নিক্ষেপিত ককটেল জালালের মাথায় বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই সে মারা যায়।
সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, আলুর ট্রলির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মামাতো ও ফুফাতো দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। দুই পক্ষের ওই ঝগড়ার এক পর্যায়ে দেলু বেপারীসহ তার লোকজন জালাল বেপারীর ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে নিহত হন জালাল বেপারী। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
