বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ৫০ বছর আগে স্বাধীনতা যুদ্ধে কাদের অবদান ছিল তার সঠিক ইতিহাস জানাতেই বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করছে। বছরের পর বছর কৃষক-শ্রমিক মেহনতি মানুষের লড়াই, সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা এসেছে। বর্তমান ফ্যাসিবাদ সরকার সেই স্বাধীনতাকে ছুড়ে ফেলে দিয়েছে। এখন দেশে গণতন্ত্রের ‘ভুয়া মোড়কে একদলীয় শাসনব্যবস্থা’ প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
গতকাল শনিবার দুপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে চট্টগ্রামে বছরব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
সভায় তিনি বলেন, ‘বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সরকারের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি কণ্ঠকে স্তব্ধ করে দিচ্ছে। গণমাধ্যমের কণ্ঠকে স্তব্ধ করার জন্যই একের পর এক কালো আইন করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন করে মতপ্রকাশের অধিকারকে ভূলুণ্ঠিত করেছে। অবিলম্বে এই আইন বাতিল করতে হবে।’
সুবর্ণজয়ন্তী উদ্যাপনে চট্টগ্রামের চিকিৎসা ও সেবা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির সদস্য অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহম্মেদ মানিক, অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন, ডা. বেলায়েত হোসেন ঢালী।
