এক ঝলকে

আপডেট : ১৪ মার্চ ২০২১, ০৭:৫১ এএম

গ্র্যামি বয়কট দ্য উইকেন্ডের

গ্র্যামি অ্যাওয়ার্ড বয়কটের ঘোষণা দিয়েছেন বিশ্ববিখ্যাত কানাডিয়ান র‌্যাপার দ্য উইকেন্ড। ৩১ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, তিনি গ্র্যামির জন্য আর কাজ জমা  দেবেন না এবং অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন না। নিউ ইয়র্ক টাইমসে দ্য উইকেন্ড বলেছেন, ‘সিক্রেট কমিটির কারণে আমি আর আমার কোনো মিউজিক গ্র্যামিতে জমা দেব না।’ দ্য উইকেন্ডের চতুর্থ অ্যালবাম ‘আফটার আওয়ার্স’ টানা চার সপ্তাহ বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষে ছিল। এক সপ্তাহে আর অ্যান্ড বি অ্যালবাম হিসেবে সবচেয়ে বেশি স্ট্রিমিংয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। তুমুল জনপ্রিয়তা পেয়েছে তার গান ‘ব্লাইন্ডিং লাইটস’। তাই অনেকেই মনে করেছিলেন এ বছর সবচেয়ে বেশি গ্র্যামি জিতবেন দ্য উইকেন্ড। অথচ কোনো মনোনয়নই দেওয়া হয়নি তাকে। মনোনয়ন না পাওয়ার কারণেই মনঃক্ষুণœœ হয়েছেন দ্য উইকেন্ড। মনোনয়ন প্রকাশের পর গ্র্যামিকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলেছেন এই তারকা। তিনি জানিয়েছেন, তার তিনটি গ্র্যামি পুরস্কার আছে, যেগুলো এখন অর্থহীন। দ্য উইকেন্ডই প্রথম নন, এর আগে আরেক কানাডিয়ান র‌্যাপার ড্রেকও গ্র্যামি অ্যাওয়ার্ডস নিয়ে সমালোচনা করেছিলেন। আজ লস অ্যাঞ্জেলেসে বসবে গ্র্যামি অ্যাওয়ার্ডের আসর।

টিজারেই বাজিমাত ফারহানের

বলিউডের মাল্টি ট্যালেন্টেড স্টার ফারহান আখতার। দুদিন আগে মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘তুফান’-এর টিজার। তা দেখে মুগ্ধ ফারহান-ভক্তরা। শুধু তা-ই নয়, বলিউডের বিখ্যাত তারকারাও টিজার দেখে ফারহানের প্রশংসায় পঞ্চমুখ। অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ, হৃতিক রোশন, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মার মতো সুপারস্টাররা। অভিনয়শিল্পীদের পাশাপাশি কুনাল কাপুর, আশুতোষ গোয়ারিকারের মতো বলিউড নির্মাতারাও মুগ্ধতা প্রকাশ করেছেন। ‘তুফান’ ছবিতে ফারহান আখতারকে দেখা যাবে এক বক্সারের চরিত্রে। কিছুদিন আগে প্রকাশ পেয়েছিল ছবির ফার্স্টলুক। তাতে দেখা গেছে, হাতে গ্লাভস পরে বক্সিং রিংয়ে বসে আছেন ঘর্মাক্ত ফারহান। এই ছবির লুকের জন্য বাড়তি পরিশ্রম করেছেন তিনি। পরিশ্রম যে বৃথা যায়নি, তা টিজারের প্রশংসা থেকেই বোঝা যাচ্ছে। ফারহান আখতারের ‘তুফান’ আমাজন প্রাইমে ২১ মে মুক্তি পাবে। পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। এই পরিচালকের ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে ভারতের কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিংয়ের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেতার স্বীকৃতি পান ফারহান আখতার। নতুন ছবিটি ফারহানকে কী কী স্বীকৃতি এনে দেয় সেটাই এখন দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত