মনকে চাঙ্গা করলেন ক্রিকেটাররা

আপডেট : ১৪ মার্চ ২০২১, ০৮:০৪ এএম

ব্যাট-বলের অনুশীলন থেকে একটি দিনের জন্য ছুটি নিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা বুঁদ হলেন মাঠের বাইরের রোমাঞ্চে। নিউজিল্যান্ডে যাওয়ার পর থেকে শুরুতে ঘরবন্দি কোয়ারেন্টাইন, পরে কোয়ারেন্টাইনে থেকেই অনুশীলন, এসব নিয়েই কেটেছে ক্রিকেটারদের দিন-রাত। মনকে চাঙ্গা ও তরতাজা করতে জেট বোটে পানির বুকে ছুটে চলা, বাঞ্জি জাম্প, চোখধাঁধানো সৌন্দর্যের সুধা পান করা সবই করলেন ক্রিকেটাররা। এই আনন্দময় সময় কাটানো কতটা জরুরি ছিল, সেটি বললেন পেসার তাসকিন আহমেদ।

‘১৪ দিনের কোয়ারেন্টাইন আমাদের জন্য ভিন্ন একটা অভিজ্ঞতা ছিল। ওটা শেষ করে আমরা এর মধ্যে দুই দিন অনুশীলন করেছি। প্র্যাকটিস সুবিধা ও অনেক কিছুই এখানে অনেক সুন্দর। আজকে আমাদের অফ ডে ছিল, দলের সবাই কিছু ফান অ্যাক্টিভিটিজ করলাম। খুব ভালো লাগছে। আশা করি সামনেও ভালো যাবে।’

কুইন্সটাউন শুধু অপরূপ সৌন্দর্যের লীলাভূমিই নয়, সেখানে ক্রিকেট অনুশীলনের সুযোগ-সুবিধাও দারুণ। ঘুরে বেড়ানোর ফাঁকে শনিবার সেই সুযোগ-সুবিধার কথাও তুলে ধরলেন অলরাউন্ডার আফিফ হোসেন, ‘কোয়ারেন্টাইনের পর এ রকম ভালো প্র্যাকটিসের সুবিধা পেয়েছি আমরা, আমাদের প্রস্তুতিতে এটা সহায়তা করছে ভালো। যে ধরনের উইকেট আমরা পাচ্ছি, গতকাল আমরা সেন্টার উইকেটে প্র্যাকটিস করেছি। আশা করি এসব আমাদের প্রস্তুতির জন্য অনেক কাজে দেবে।’ টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখের কণ্ঠেও একই রকম কথার প্রতিধ্বনি, ‘ক্রাইস্টচার্চের উইকেটের চেয়ে এখানে উইকেট কমফরটেবল, আমার কাছে একটু সহজ মনে হচ্ছে। এখানে উপভোগ করার চেষ্টা করছি। এর আগে এখানে এসেছি। আমার জন্য এই আবহাওয়া, পরিস্থিতি সব কমফরটেবল। আমি উপভোগ করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত