শুভ জন্মদিন আমির খান

তিনবার প্রেমে ব্যর্থ

আপডেট : ১৪ মার্চ ২০২১, ০৩:১৬ পিএম

রবিবার ৫৬ বছরে পা দিলেন আমির খান। বিশেষ এ দিনে শুভেচ্ছার বন্যায় ভাসছেন মিস্টার পারফেকশনিস্ট।

এর মধ্যে কেউ তার সেরা ছবির তালিকা বানিয়েছেন, তো কেউ সেরা চরিত্রের। অনেকে তার চূড়ান্ত খুঁতখুঁতে স্বভাবের প্রশংসায় পঞ্চমুখ নতুন করে। আমির নিজে কী করছেন?

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ৫৬টি বসন্ত তাকে মনে করিয়ে দিয়েছে প্রেমজীবনের ব্যর্থতা! জন্মদিনের আগের সন্ধ্যায় এক চ্যাট শো-এ আমিরের আফসোস, “আমার প্রেম ভাগ্য ভীষণ খারাপ! একবার নয়, তিনবার প্রেমে ব্যর্থ আমি।”

হাসি-মজায় মোড়া সেই আড্ডায় আমির আর কী জানিয়েছেন? মাত্র ১০ বছর বয়সে জীবনে প্রথম প্রেম এসেছিল। অভিনেতার কথায়, “ওই বয়সে প্রেমে পড়েছি বলার সাহস থাকে? আমারও ছিল না। ফলে, একতরফা, নিঃশব্দ প্রেম! মেয়েটিকে রোজ দেখতাম। পাগল হতাম। মুখোমুখি হলেই মুখে কুলুপ।”

এতটাই লাজুক ছিলেন যে ওই একজন নয়, আরও দুই প্রেমিকাকে একইভাবে ভালোবাসার কথা জানিয়ে উঠতে পারেননি। এভাবেই ১০ থেকে ১৫, ৫টা বছর তিনি প্রেমের পেছনে দৌড়েছেন। প্রেম ধরা দেয়নি। সব মিলিয়ে আমির যখন আক্ষরিক অর্থেই হতাশ, তখনই তার জীবনে আসেন পাশের বাড়ির মেয়ে রীনা দত্ত। আমির তখন ১৬!

আমিরের ভাষায়, “সেই প্রথম কেউ আমার প্রেমে সাড়া দিয়েছিল। তাই দেরি না করে ঝটপট রীনাকেই বিয়ে করে নিই।”

১৬ বছরের দাম্পত্যে আমির-রীনার ভালোবাসার সাক্ষী দুই সন্তান জুনায়েদ ও ইরা খান। এর পরেও আবার প্রেমে পড়েছেন অভিনেতা। ২০০২ সালে রীনার সঙ্গে বিচ্ছেদ। ফের বন্ধন কিরণ রাও-এর সঙ্গে। আমির-কিরণের এক সন্তান, আজাদ খান।

বর্তমানে হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’ নিয়ে ব্যস্ত আমির খান। এ ছবি মুক্তি পাবে বছর শেষে। এ ছাড়া গুলশান কুমারের বায়োপিক ও স্প্যানিশ সিনেমার রিমেকে কাজ করার কথা রয়েছে এ অভিনেতার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত