বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি ছাড়পত্র পেয়েছে। ছবিটি গত বছরের ডিসেম্বরে জমা পড়লেও সেন্সর পেল সম্প্রতি।
গত ডিসেম্বরে ছবিটি সেন্সর বোর্ড দেখলেও সেসময় ছাড়পত্র না দিয়ে কিছু সংশোধনী দেয়। বোর্ডের আপত্তিজনক দৃশ্যগুলো সংশোধন করে পুনরায় জমা দিলে ১ লা মার্চ সেন্সর বোর্ড ছবিটি আবার দেখে ছাড়পত্র প্রদান করে।
সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক বলেন, ‘আমরা তাদের কিছু সংশোধনী দিয়েছিলাম। আমাদের নির্দেশনা অনুযায়ী তারা ছবি জমা দেয়। বোর্ড শেষ পর্যন্ত ছবিটিকে ছাড়পত্র প্রদান করে।’
‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই' ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান ও দীঘি। টুঙ্গিপাড়ার মতো একটি গ্রাম থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে একটি জাতির স্বপ্নদ্রষ্টা নেতায় পরিণত হয়ে উঠেছিলেন, তা নিয়েই আবর্তিত হয়েছে এই ছবির কাহিনি।
