কোহলি-কিষানের ব্যাটে সিরিজে সমতা ফেরাল ভারত

আপডেট : ১৪ মার্চ ২০২১, ১১:৫৯ পিএম

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারাল ভারত। তাতে পাঁচ ম্যাচের সিরিজে এল ১-১ এ সমতা।

ইংল্যান্ডের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইশান কিষান ঝড় তুললেন। দুর্দান্ত খেললেন অধিনায়ক বিরাট কোহলি। তাতে ১৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত হলো ভারতের।

রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান করে দলটি।

সর্বোচ্চ ৪৬ রান করেন জেসন রয়। ৩৫ বলে ৪ চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। এ ছাড়া ওয়েন মরগান ২০ বলে ২৮, ডেভিড মালান ২৩ বলে ২৪, বেন স্টোকস ২১ বলে ২৪ রান করেন।

জবাবে প্রথম ওভারে লোকেশ রাহুল ফিরে যান ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই। এরপর বিরাট কোহলির সঙ্গে ৯৩ রানের জুটি গড়ে ভারতকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেন কিষান।

১০তম ওভারে আদিল রশিদের শিকার হওয়ার আগে ৩২ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৬ রান করেন ২২ বছর বয়সী বাঁহাতি।

তবে কোহলি ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ৭৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ৪৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় সাজান নিজের ইনিংস। ৮ রানে অপরাজিত থাকেন শ্রেয়াস আইয়ার। মাঝে রিশভ পন্ত ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন।

জর্ডনের করা ১৮তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে ৪ ও ৬ মেরে ভারতকে ম্যাচ জেতান কোহলি। তবে ম্যাচসেরা হয়েছেন ইশান কিষান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত