রপ্তানি খাতে নীতি সহায়তা তিন মাস বাড়ল

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০১:০০ এএম

রপ্তানি খাতে দেওয়া নীতি সহায়তার সময় তিন মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ খাতের নীতি সহায়তা আগামী জুন পর্যন্ত বাড়ানো হয়।

এ বিষয়ে গতকাল রবিবার একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ। এতে বলা হয়, ৩১ মার্চ পর্যন্ত বলবত করা রপ্তানি বাণিজিক লেনদেনের নীতি সহায়তার সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলো।

নীতি সহায়তার অংশ হিসেবে রপ্তানি মূল্য প্রত্যাবাসন সময় ২১০ দিন পর্যন্ত রাখা হয়েছে। প্রযোজ্য সুদহারে ব্যাক টু ব্যাক ঋণপত্রের সময়সীমা অতিরিক্ত ১৮০ দিন বৃদ্ধি করার সুযোগ থাকছে। রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের অতিরিক্ত সময় ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিন পর্যন্ত বাড়ানো যাবে। এ ছড়া সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় স্থাপিত ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় পরিশোধের জন্য ইডিএফ থেকে ১৮০ দিন সময়ের জন্য অর্থায়ন সুবিধা নেওয়া যাবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।

রপ্তানি খাতের নীতি সহায়তার সময় বাড়ানোর ফলে বৈদেশিক বাণিজ্যে স্বস্তি বিরাজ করবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। আলোচ্য তিন মাসের সহায়তায় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো তাদের সমস্যা কটিয়ে উঠতে পারবে বলেও আশা করেন তারা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, চলমান পরিস্থিতিতে রপ্তানিকারকদের স্বস্তি দেওয়ার জন্য কয়েকটি নীতি সহায়তার সময়সীমা বাড়ানো হয়েছে। কভিড পরিস্থিতিতে রপ্তানি খাতকে চাঙ্গা করতে সময়সীমা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত