ক্যাম্পের ৩ দিনের সদ্ব্যবহার চান জেমি

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০১:৫৩ এএম

নেপাল যাওয়ার আগে প্রস্তুতির জন্য মাত্র তিনদিন সময় পাচ্ছেন জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে। আর এই গুরুত্বপূর্ণ তিনদিনের পূর্ণ সদ্ব্যবহার করতে চান তিনি। একঝাঁক তরুণ নিয়ে গড়া দলকে একটা ফরমেশনে দাঁড় করানো তো আছেই, এর বাইরে নতুন পাঁচ ফুটবলারকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া, নেপালের প্রতিকূল পরিস্থিতি সামলে ভালো ফুটবল খেলার মতো অনেক কিছুই করতে হবে আজ থেকে শুরু জাতীয় দলের ক্যাম্পে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথমপর্বের পারফরমারদের নিয়ে গড়া দল বলেই এদের ফিটনেস নিয়ে করার তেমন কিছু নেই। কোচ তাই জোর দেবেন বল দখলের দক্ষতা বাড়ানোর দিকে, ‘দলকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া ছাড়াও বল নিয়ন্ত্রণের দিকে বেশি মনোযোগ দেওয়া হবে। বল পায়ে থাকলে কী করণীয় আর বল হারালে কী করতে হবে, সেটাই ছেলেদের বোঝানোর চেষ্টা করব।’

২০১৯ সালের ডিসেম্বরে এসএ গেমসে অংশ নিতে গিয়ে সেভাবে সুবিধা করতে পারেনি জেমি ডে’র অধীনস্ত অনূর্ধ্ব-২৩ দল। সমুদ্রপৃষ্ঠ থেকে নেপালের উচ্চতা যে বাংলাদেশের জন্য বড় সমস্যা সেটা স্বীকার করে জেমি অবশ্য সামনের টুর্নামেন্টে জয়-পরাজয়কে বড় করে দেখছেন না, ‘নেপালে খেলা বাংলাদেশের জন্য সবসময়ই কঠিন। তবে এই টুর্নামেন্টটি আমার কাছে শুধুই নতুনদের আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা দেওয়ার মঞ্চ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত